বিএনপির চলমান ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে’ গণতান্ত্রিক বিশ্বের সহযোগিতা কামনা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির (মিরপুর জোন) উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সহযোগিতা চান তিনি।
সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশি-বিদেশি আর প্রতিবেশী এবং আপনাদের আশপাশে কিছু সংস্থার লোকরা ঝুড়ি নিয়ে নেতাদের বাসায় যায় আর ২০০ আসন শেখ হাসিনার জন্য...। আসন কি কারও বাপের? যে দেশের লোকেরা এটা করেন, আমরা কি তাদের দেশে বাস করি? স্বাধীন বাংলাদেশে কূটনৈতিক শিষ্টাচার মেনে চলবেন। আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন না। গণতান্ত্রিক বিশ্বের কাছে আহ্বান থাকবে, জনগণের গণতান্ত্রিক এ লড়াইয়ে বাংলাদেশের জনগণের পাশে থাকুন। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা গণতান্ত্রিক বিশ্বের সদস্য হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রশ্নে আপনাদের সহযোগিতা চাই।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, তাবিথ আউয়াল, বজলুল বাছিত আঞ্জু, নাজিম উদ্দিন আলম, আনোয়ারুজ্জামান আনোয়ার, রফিকুল আলম মজনু, মামুন হাসান প্রমুখ।
ক্ষমতা না ছাড়লে গায়ের গেঞ্জি থাকবে না : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, ‘আমরা বর্তমান হাতের জোরের সরকারকে মানি না। এ সরকার অবৈধ। আপনারা চায়ের দাওয়াত দেবেন আবার চায়নিজ রাইফেল দিয়ে মানুষ মারবেন সেটা হবে না। দেশ ও দেশের জনগণের ভালো চাইলে অবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ না করলে শ্রীলঙ্কার মতো নেতাদের মতো গায়ের গেঞ্জিও থাকবে না।’ গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
