ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর থেকে জিয়া হল পর্যন্ত সড়ক সংস্কারের দাবি জানিয়েছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামে একটি সংগঠন। এ ছাড়াও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ২০তম ক্লাসের ফেলো এবং ইডেন কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাদের যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ঢাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা ওন্ডস, ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক এসএম রাকিব সিরাজী, জাতীয় ছাত্রসমাজের ঢাবি শাখার আহ্বায়ক ফকির আল মামুন, ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি সুমনা মীম, ইডেন ছাত্রদলের আহ্বায়ক রেহানা আক্তার শিরিন প্রমুখ।
