চারে ব্যাট করতে নেমে গোল্ডেন ডাক। তারপর বল হাতেও শুরুটা হয়নি প্রত্যাশামতো। তিন ওভারে ২৮ রান দিয়ে সাকিব আল হাসান ছিলেন উইকেট শূন্য। তবে শেষ ওভারটা করলেন দুর্দান্ত। গুরুত্বপূর্ণ ঐ সময়ে মাত্র দুই রান দিয়ে শিকার করেন ফাবিয়ান অ্যালেনের উইকেট। তাতে সাকিব গড়পড়তা থাকলেও তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ১২ রানে জয় পায় জ্যামাইকা তালাহওয়াসের বিপক্ষে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ১৭৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা জ্যামাইকার শেষ ৫ ওভারে দরকার ছিল ৬১ রান। হাতে ৬ উইকেট। এমন সময়ে সাকিব তার শেষ ওভার করতে এসে দেন মাত্র ২ রান। তুলে নেন ফ্যাবিয়েন অ্যালেনাকে। গুদাকেশ মোতি ডিপ মিডউইকেটে ধরেন লো ক্যাচ।
গায়ানার দিকেই তখন হেলে যায় ম্যাচটি। কিন্তু ব্রেন্ডন কিং জমিয়ে তুলেছিলেন লড়াই। শেষ ওভারে জ্যামাইকার যখন ২০ দরকার, ওডিয়েন স্মিথকে প্রথম বলেই ছক্কা হাঁকান কিং। ৬৪ বলে তুলে নেন সেঞ্চুরি। কিন্তু নিজের লক্ষ্য পূরণ হলেও দলের লক্ষ্য পূরণ করতে পারেননি কিং। পরের বলে দেন ডট। তৃতীয় বলে পড়েন রানআউটের ফাঁদে। ৬৬ বলে ৮ চার আর ৭ ছক্কায় ১০৪ রান করে ফিরেন তিনি।
এরপর টানা দুই বলে আরও ২ উইকেট হারিয়ে ১৬৬ রানেই গুটিয়ে যায় জ্যামাইকা। সাকিব ৪ ওভারে ৩০ রানে নেন ১ উইকেট। ওডিয়েন স্মিথ ১.৫ ওভারে ২৬ রানে নেন ২ উইকেট।
এর আগে ব্যাট হাতেও ঝড় তুলেছিলেন স্মিথ। ১৬ বলে ৬ ছক্কায় করেছিলেন ৪২ রান। ৪৫ বলে ৬০ রানের ইনিংস খেলেন শাই হোপ। ১২ বলে হার না মানা ২৪ করেন কেমো পল। ১ বলে ০ করে ইমাদ ওয়াসিমের বলে এলবিডব্লিউ হন সাকিব। তারপরও সবমিলিয়ে ৮ উইকেটে ১৭৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় গায়ানা।
