নারী ফুটবলারদের বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি সালাউদ্দিনের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৬ পিএম

হিমালয়ের দেশে প্রথমবার সাফ জয় করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ছাদখোলা বাসে করে নিয়ে যাওয়া হয় বাফুফে ভবনে। গোটা দেশের সঙ্গে তারাও ভেসেছিলেন আনন্দ উল্লাসে। সেই রেশ কাটতে না কাটতেই নতুন সুখবর পেলেন সাবিনা খাতুনরা। নারী ফুটবলারদের বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ছে।

সাফজয়ী নারী ফুটবলাররা তাদের দাবি-দাওয়া নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে। বাফুফে সভাপতি প্রতিশ্রুতি দিয়েছেন নারী ফুবলারদের বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে।

বাফুফে সভাপতির সঙ্গে দেখা করে আসার পর মিডিয়ার মুখোমুখি হয়ে নারী দলের অধিনায়ক সাবিনা বলেন, ‘আজ আমরা সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমরা আমাদের চাওয়া-পাওয়াগুলো জানিয়েছি। তিনি তা পূরণ করার কথা দিয়েছেন।'

সভাপতির কাছে বেতন বাড়ানোর কথা বলেছেন বলে জানিয়েছেন অধিনায়ক সাবিনা। তিনি বলেন, ‘আমরা আমাদের বেতন বাড়ানোর কথা বলেছি। তিনি আমাদের দাবি মেনে নিয়েছেন। শিগগির বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন। অংকটা কেমন হবে তা এখন বলা যাচ্ছে না। তবে সম্মানজনক একটি অবস্থানে নেওয়া হবে তা বলা হয়েছে।’

বেতন-ভাতার আওতায় থাকার কারণে নিজেদের সৌভাগ্যবান বলেও মেনে নিয়েছেন সাবিনারা। নারী দলের অধিনায়ক বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশে ক্রিকেট এবং ফুটবল ছাড়া অন্য কোনো নারী দলের খেলোয়াড়রা বেতন পান না। আমরা সেদিক থেকে নিজেদের ভাগ্যবান মনে করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত