কুমিল্লার তিতাস উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিয়াম সরকার (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে গাজীপুর আজিজিয়া আলীম মাদ্রাসা গেটে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার চর মোহনপুর গ্রামের মো. হেলাল সরকারের ছেলে। সিয়াম মুন্সীগঞ্জের পলিটেকনিক কলেজের ১ম বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন মেঘনা উপজেলার ব্রাহ্মণচর গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে মুকুল আহম্মেদ (১৭), আওলাদ হোসেনের ছেলে মাসুমবিল্লা (১৮), শফিক মিয়ার ছেলে সায়মুন মিয়া (১৭), জয় মিয়ার ছেলে শাকিব (১৮) ও নাজির হোসেনের ছেলে জুনায়েদ (১৮)।
জানা যায়, উপজেলার গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসা কেন্দ্র দাখিল পরীক্ষা চলাকালে বাইরে অপেক্ষমাণ ছিল। পরীক্ষা শেষ হলে শিক্ষার্থীরা বের হওয়ার সময় গেটের সামনেই কয়েক দুর্বৃত্ত সিয়ামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহতাবস্থায় তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া পারভেজ বলেন, সিয়ামের পিঠের ডান পাশে দুটি ছুরির আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই সে মারা যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের বাবা হেলাল সরকার দেশ রূপান্তরকে বলেন, ‘আমার ছেলে মুন্সীগঞ্জ পলিটেকনিকে প্রথম বর্ষে লেখাপড়া করত। পাশের বাড়ির একটি মেয়ের সঙ্গে মেঘনা উপজেলার ব্রাহ্মণচর নয়াগাঁও গ্রামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে আমার ছেলের সঙ্গে ওই ছেলের ফেইসবুকে তর্কাতর্কি হয় এবং আমার ছেলেকে হুমকি দেয়। পরে আমার ছেলে তার বাবাকে ঘটনাটি বলে। এ ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলেকে মেরে ফেলেছে।’
তিতাস থানার উপপরিদর্শক গিয়াস উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, সিয়াম হত্যার ঘটনায় জিজ্ঞাবাদের জন্য ৫ জনকে থানায় আনা হয়েছে। তারা সবাই ছাত্র। জিজ্ঞাসাবাদ শেষে পরে বিস্তারিত বলা যাবে।
