রাজধানীর তেজগাঁওয়ে মিনি ট্রাকের ধাক্কায় জিন্নাত আলী নামে এক পথচারী নিহত ও অন্য দুই পথচারী আহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল পলিটেকনিক কলেজ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। মিনি ট্রাকটি জব্দ ও চালকের আসনে থাকা হেলপার জিহাদ খানকে (১৮) আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, জিন্নাত আলী পারটেক্স গ্রুপের সিনিয়র সুপারভাইজার। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে।
নিহতের শ্যালক মো. সানোয়ার হোসেন জানান, জিন্নাত আলী তেজগাঁও শিল্পাঞ্চলে পারটেক্স অফিসে যাচ্ছিলেন। ফুটপাত দিয়ে যাওয়ার সময় পেছন থেকে ওই মিনি ট্রাকটি ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে যান। এ সময় আরও দুই পথচারী আহত হন। স্থানীয়রা তাকে শমরিতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম বলেন, চালকের অনুপস্থিতিতে হেলপার মিনি ট্রাকটি চালাচ্ছিল। ইউটার্ন নিতে গিয়েই সে জিন্নাত আলীকে ধাক্কা দেয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঢাকা-মাওয়া সড়কে ট্রাকের ধাক্কায় নাঈম হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাগর (১৯) নামে এক যুবক। গত বুধবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে নাঈমকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নোয়াখালীর রামগঞ্জ উপজেলার মো. হোসেনের ছেলে নাঈম। বর্তমানে বাংলা মোটর আলম হোটেলের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন।
নাঈমের প্রতিবেশী ও বন্ধু মো. শরিফ হোসেন জানান, এক বন্ধুর জন্মদিন পালন করতে বুধবার রাতে শরিফের মোটরসাইকেলটি নিয়ে গিয়েছিলেন নাঈম। পাঁচটি মোটরসাইকেলে ১০ জন মিলে মাওয়া ঘাট গিয়েছিলেন জন্মদিন পালন করতে ও ঘুরতে।
