ঘরে কলেজশিক্ষকের ঝুলন্ত লাশ, ছাত্রী আটক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০১:৫১ এএম

নরসিংদীতে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে জেলার হাজিপুরে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ওই শিক্ষকের নাম আব্দুল্লাহ আলী (৩০)। তিনি নরসিংদী মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ও হাজিপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তার চার বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।

মৃত্যুর প্রায় ১৪ ঘণ্টা আগে ফেইসবুকে ‘আই এম ডেস্ট্রয়িং মাইসেল্ফ’ লিখে একটি পোস্ট করেছিলেন ওই শিক্ষক। তাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ঘটনাস্থল থেকে একই কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, কয়েক মাস আগে নরসিংদী মডেল কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন শিক্ষক আব্দুল্লাহ আলী। পরে ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিক্ষকের বাসায় চলে আসে ওই ছাত্রী। একপর্যায়ে এই চাপ সামলাতে না পেরে ফেইসবুকে ‘আই এম ডেস্ট্রয়িং মাইসেল্ফ’ লিখে একটি পোস্ট করেন শিক্ষক আব্দুল্লাহ। পরে নিজের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এমন পরিস্থিতিতে ওই ছাত্রী ও কয়েকজন মেয়ে মিলে ধাক্কাধাক্কি করে খুলতে না পেরে দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে তারা শিক্ষক আব্দুল্লাহকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তার স্ত্রী বাসায় ছিলেন না। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শিক্ষকের স্ত্রী। তিনি তদন্তের মাধ্যমে তার স্বামীর মৃত্যুর যথাযথ বিচার দাবি করেন।

নরসিংদী সদর থানার ওসি ফিরোজ তালুকদার দেশ রূপান্তরকে বলেন, ‘খবর পেয়ে বুধবার রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একজন ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। শিক্ষকের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত