২০১৫ সাল থেকে দেশের ক্রীড়া সাংবাদিকদের সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) নিয়মিত আয়োজন করছে ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত হয়েছে সপ্তম আসর। ২০২১ সালে আট ক্যাটাগরিতে ১৭ জনের হাতে তুলে দেওয়া হয়েছে মর্যাদার অ্যাওয়ার্ড ও অর্থ পুরস্কার। স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার ২০২১ (তওফিক আজিজ খান ট্রফি) জিতেছেন চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার সাদমান সাকিব। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন বিজয়ীদের হাতে। বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।
স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে দুই রানার্স-আপ দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সাব-এডিটর রাহেনুর ইসলাম ও ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের। সাদমান বর্ষসেরা হওয়ার পাশাপাশি জিতেছেন এক্সক্লুসিভ রিপোর্ট বিভাগে বদি-উজ-জামান ট্রফি, সিরিজ রিপোর্ট বিভাগে আব্দুল হামিদ ট্রফি ও সাক্ষাৎকার (টেলিভিশন) বিভাগে আতাউল হক মল্লিক ট্রফি। এক্সক্লুসিভ ক্যাটাগরিতে দুই রানার্স-আপ বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার সামীউর রহমান ও দৈনিক কালের কণ্ঠের রাহেনুর ইসলাম। সিরিজ রিপোর্টের দুই রানার্স-আপ ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের ও ফ্রিল্যান্সার তোফায়েল আহমেদ। সাক্ষাৎকার (পত্রিকা-অনলাইন) বিভাগে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন কালের কণ্ঠের রাহেনুর ইসলাম। এই বিভাগে দুই রানার্স-আপ প্রথম আলোর হেড অব স্পোর্টস তারেক মাহমুদ ও ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের।
সাক্ষাৎকার (টেলিভিশন) বিভাগে দুই রানার্স-আপ বিবিসি বাংলার ব্রডকাস্ট জার্নালিস্ট ফয়সাল তিতুমীর এবং এনটিভির বিশেষ প্রতিনিধি বর্ষণ কবির। ফিচার/ডকুমেন্টরি (পত্রিকা-অনলাইন) বিভাগে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম। একই পত্রিকার বদিউজ্জামান মিলন ও রাশেদুল ইসলাম হয়েছেন রানার্স-আপ। ফিচার/ডকুমেন্টরি (টেলিভিশন) বিভাগে সেরা মাছরাঙা টিভির স্টাফ রিপোর্টার ফারিয়া আফসানা কান্তা। রানার্স-আপ হয়েছেন চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার এ কে এম ফয়জুল ইসলাম ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার এসএম আশরাফুল আলম। স্পোর্টস ফটোগ্রাফি ২০২১ ক্যাটাগরিতে সেরা হয়ে বদরুল হুদা ট্রফি জিতেছেন নিউ এজের স্টাফ ফটো জার্নালিস্ট সৌরভ লস্কর। রানার্স-আপ হয়েছেন দৈনিক প্রথম আলোর স্পেশাল ফটো জার্নালিস্ট শামসুল হক টেংকু এবং দৈনিক কালের কণ্ঠের স্পেশাল ফটো জার্নালিস্ট মীর ফরিদ। এই সন্ধ্যায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস সম্মাননা দেওয়া হয় তিন জ্যেষ্ঠ ক্রীড়ালেখক ও ক্রীড়া সাংবাদিক সারোয়ার হোসেন, কামরুন নাহার ডানা ও মহিউদ্দিন পলাশকে।
