শাহরুখ মানেই ম্যাজিক। রুপালি পর্দায় বলিউড বাদশার ক্ষণিকের উপস্থিতিও যে তাক লাগাতে পারে, তার জ্বলন্ত দৃষ্টান্ত 'ব্রহ্মাস্ত্র'। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিতে শাহরুখের 'বানরাস্ত্র'-তে মজেছেন দর্শকরা। 'আয়রন ম্যান' ছবিতে যে ধরনের ভিডিওগ্রাফিক ব্যবহৃত হয়, তেমনটাই হয়েছে শাহরুখের 'বানরাস্ত্র' দৃশ্যে। এমনটাই বললেন পরিচালক।
রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। যদিও ছবির চিত্রনাট্য নিয়ে এর মধ্যেই বিভিন্ন মহলে সমালোচনা হয়েছে। তবে শাহরুখের উজ্জ্বল উপস্থিতি সকলের নজর কেড়েছে। বিশেষত 'বানরাস্ত্র' দৃশ্য। এই প্রসঙ্গে পরিচালক বলেছেন, 'আপনি যদি খুব ভালো করে দেখেন, তা হলে বুঝবেন ওই দৃশ্যটা আয়রন ম্যানের মতো করে তৈরি হয়েছে। আমরা ভেবেছিলাম, বিজ্ঞানের দুনিয়ায় বানরাস্ত্রের অস্তিত্ব সব সময় থাকবে। সে কারণেই ওকে (শাহরুখ) বিজ্ঞানীর চরিত্রে দেখিয়েছি।'
'বানরাস্ত্র'র দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতাও দারুণ ছিল বলে জানান অয়ন। শুটিংয়ের সময় মজা হয়েছিল বলে জানান তিনি। 'বানরাস্ত্র' দৃশ্যে শাহরুখের 'স্পিন-অফ' নিয়ে মেতে রয়েছেন দর্শকরা। এই ছবিতে মোহন ভার্গব নামে এক বিজ্ঞানীর চরিত্রে ক্যামিও করতে দেখা গেছে কিং খানকে।
প্রসঙ্গত, বলিউডের বড় বাজেটের ছবিগুলোর মধ্যে অন্যতম 'ব্রহ্মাস্ত্র'। এই ছবির বাজেট ৪১০ কোটি টাকা। ছবি মুক্তির পর থেকেই বক্স অফিসে সাড়া ফেলেছে 'রণলিয়া' জুটির এ ছবি। 'ব্রহ্মাস্ত্র' ছবির দ্বিতীয় পর্বে মুখ্য চরিত্রে কাদের দেখা যাবে তা নিয়ে এখন থেকেই দর্শক মহলে কৌতূহল তৈরি হয়েছে। শাহরুখকে পরের পর্বে আরো বেশি সময়ের জন্য দেখা যাবে কি-না, সে নিয়েও জল্পনা তৈরি হয়েছে। সূত্র : ইন্ডিয়া টুডে
