নয়নতারার জীবনের গল্প শোনাবে নেটফ্লিক্স

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১১:২৮ পিএম

অভিনেত্রী নয়নতারাকে নিয়ে তথ্যচিত্র তৈরি হচ্ছে। নেটফ্লিক্সের পর্দায় তা মুক্তি পাবে। আজ শনিবার তার টিজার প্রকাশ করা হয়। তাতেই প্রেম, বিয়ে আর সাফল্যের চাবিকাঠি নিয়ে মুখ খুলতে দেখা গেছে এই দক্ষিণী সুন্দরীকে। 'লেডি সুপারস্টার'-এর মুখে তার জীবনের গল্প শুনে মুগ্ধ অনুরাগীরাও।

নয়নতারার জীবনকাহিনির ভিত্তিতে তৈরি এই তথ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে, 'নয়নতারা : বিয়ন্ড দ্য ফেয়ারি টেল'। কোথা থেকে এই রূপকথার শুরু, কেমন তার যাত্রাপথ, নিজেই খেই হারিয়ে ফেলেছেন অভিনেত্রী। বলেছেন, 'যখন এসব শুরু হয়েছিল, তখন আমার কোনো ধারণা ছিল না, আমি কোথায় গিয়ে পৌঁছাব। আমি সিনেমায় অভিনয় করার মতো মেয়েই ছিলাম না। আমি একজন খুব সাধারণ মেয়ে, যে সব কাজেই নিজের ১০০ শতাংশ দেয়। কাজের প্রতি একনিষ্ঠ থাকাই আমার একমাত্র সম্পদ।'

গত জুনেই বিয়ে করেছেন নয়নতারা। দক্ষিণী পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। দক্ষিণের সবচেয়ে সফল অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে নয়নতারার নাম। তার পারিশ্রমিকও অন্য অনেকের চেয়ে বেশি।

জানা গেছে, নয়নতারা-ভিগনেশের বিয়ের কিছু অ-দেখা দৃশ্য দেখা যাবে নেটফ্লিক্সের তথ্যচিত্রে। যা দেখার জন্য মুখিয়ে আছেন অনুরাগীরা। তথ্যচিত্রটির পরিচালনা করেছেন গৌতম বাসুদেব মেনন।

'নয়নতারা : বিয়ন্ড দ্য ফেয়ারি টেল'-এ মূলত নয়নতারা আর ভিগনেশের প্রেমকাহিনিকে তুলে ধরা হবে নতুন মোড়কে। সেখানে থাকবে তাদের রাজকীয় বিয়ের আসরের কিছু ঝলকও। কিভাবে চলচ্চিত্র জগতের এই দুটি মানুষ কাছাকাছি এলেন, কিভাবে তারা সব সঙ্কটে একে অপরের পাশে থাকলেন, কিভাবে সেই সম্পর্ক বিয়ের পিঁড়িতে গড়াল, সবটাই গল্পের মতো দেখতে পাবেন দর্শকরা। সূত্র : ইন্ডিয়া টুডে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত