আমিরাতের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৯ এএম

এশিয়া কাপে গ্রুপপর্ব থেকে বিদায়ের সপ্তাহ তিনেকের মাথায় আবারও দুবাইতে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিরুপদ্রবে সপ্তাহ খানেকের প্রস্তুতিপর্ব। তাতে আমিরাত ক্রিকেট বোর্ডের ঔদার্য্য আর কৌশলগত সুবিধায় যোগ হয়েছে দুটো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। আরব আমিরাতও খেলবে অস্ট্রেলিয়া বিশ্বকাপে, তাই বাংলাদেশের সঙ্গে লড়ে নিজেদের পরখ করে নেওয়ার সুযোগটা হাতছাড়া করেনি তারা। অন্যদিকে হারের বৃত্তে আটকে থাকা বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে জয়ে খুঁজে পেতে পারে স্বস্তি। লাভের অঙ্কটা দু’দিকেই সমান হওয়ায় বোধহয় এই সিরিজের নাম ফ্রেন্ডশিপ সিরিজ, তারই প্রথম ম্যাচ আজ দুবাই ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়।

অনুমিতভাবেই অনুপস্থিত সাকিব আল হাসান, তার ডেপুটি নুরুল হাসান সোহানই নেতৃত্ব দেবেন। এই দুই ম্যাচে অনেক হিসাবই মিলিয়ে নিতে চাইবেন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। এশিয়া কাপে সাব্বির রহমান আর মেহেদী হাসান মিরাজকে নিয়ে ফাটকা খেলেছেন উদ্বোধনী জুটিতে। লিটন দাস দলে ফেরায় কি কৌশল বদলাবে? দলে সুযোগ পাওয়ায় নাজমুল হোসেন শান্তকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনতে হয়েছে নানান সমালোচনা, একাদশে জায়গা পেলে কি এই বাঁহাতি পারেন প্রতিদান দিতে?

নজর থাকবে লিটন, সোহান ও ইয়াসির রাব্বির দিকেও। চোটের জন্য তিনজনই খেলতে পারেননি এশিয়া কাপে। অনুশীলন আর প্রস্তুতিপর্বের পর ম্যাচে তারা কী করেন, সেদিকেও চোখ থাকবে শ্রীরামের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত