ট্রেনে পাওয়া ভ্যানিটি ব্যাগের টাকা ফিরিয়ে দিলেন যাত্রী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৩ এএম

ট্রেনে ভ্রমণের সময় হারিয়ে যাওয়া তৌছিখা নামে এক যাত্রীর ভ্যানিটি ব্যাগ  ফিরিয়ে দিয়েছেন হারুন অর রশীদ নামের অপর এক যাত্রী। ওই ব্যাগে ছিল ১ লাখেরও বেশি টাকা, ডলার, মালয়েশিয়ান রিঙ্গিত ও দামি একটি মোবাইল ফোন। ব্যাগটি কুড়িয়ে পাওয়া যাত্রী হারুন অর রশিদ নীলফামারীর চিলাহাটির বাসিন্দা এবং ব্যাগটির মালিক তৌছিখা বেগম সৈয়দপুরের বাসিন্দা। তিনি চিলাহাটিতে বাবার বাসায় বেড়াতে যাওয়ার সময় ব্যাগটি সিটের ওপর রেখে ভুলে ট্রেন থেকে নেমে চলে গিয়েছিলেন। গতকাল শনিবার চিলাহাটি  সহকারী স্টেশনমাস্টার নাজনিন বেগম বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্টরা জানায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি গত শুক্রবার বেলা দেড়টায় নীলফামারীর শেষ স্টেশন চিলাহাটি পৌঁছে। ওই যাত্রীরা সৈয়দপুর রেলস্টেশন থেকে ওই ট্রেনে চিলাহাটি আসছিলেন। চিলাহাটির স্টেশনমাস্টার নাজনিন বেগম বলেন, ‘ট্রেনটি চিলাহাটি এসে পুনরায় বেলা ৩টার দিকে রাজশাহী ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। ট্রেন ছাড়ার পূর্বমুহূর্তে  ট্রেনের গার্ড ফারুক আহমেদও এক যাত্রীসহ (হারুন অর রশীদ) এসে ব্যাগটি আমার কাছে দেন। পরে আমি সবার সামনেই ব্যাগটি খুলে এক লাখের ওপরে টাকা, মার্কিন ডলার, মালয়েশিয়ান রিঙ্গিত, একটি স্যামসাং মোবাইল ফোন ও অন্যান্য জিনিস দেখতে পাই। মোবাইল ফোনটি আমার কাছে রেখে সব আবার ব্যাগে রাখি। প্রায় দুই ঘণ্টা পরে মোবাইলে কল আসে। পরে তারা এখানে এসে নিজের হাতের ছাপ দিয়ে মোবাইলটি খোলেন এবং ভ্যানিটি ব্যাগের  অন্যান্য জিনিসের সত্যতা যাচাই করার পর তা হস্তান্তর করা হয়।’

তৌছিখা বেগম বলেন, ‘আমরা বাচ্চা হওয়ার পর প্রথম চিলাহাটিতে বাবার বাড়ি আসি। সবার আনন্দ-উল্লাসে ব্যাগের কথা মাথায় ছিল না। দুই ঘণ্টা পরে অনুভব করি ব্যাগ নাই। ভাবছিলাম ফিরে পাব না। তবে পৃথিবীতে এখনো যে ভালো মানুষ আছে, এটা তার দৃষ্টান্ত উদাহরণ। ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। দোয়া রইল ওনার প্রতি।’

হারুন অর রশীদ বলেন, ‘আমি ট্রেন থেকে নামার আগে সবকিছু দেখে নিচ্ছিলাম যে কোনো কিছু ছাড়লাম কি না। পাশেই ব্যাগটি দেখতে পাই। পরে গার্ডকে ডাকি। ওনাকে সঙ্গে নিয়ে ব্যাগটি স্টেশনমাস্টারের কাছে হস্তান্তর করি। এরপর সন্ধ্যার কিছু আগে ব্যাগটি প্রকৃত মালিকের কাছে প্রমাণ পেয়ে দেওয়া হয়েছে। ব্যাগটি ফিরিয়ে দিতে পেরে অনেক ভালো লাগছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত