নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. সৈকত হোসেন (২৪)।
গত শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লার সদর থানার আড়াইওরা এলাকা থেকে সৈকত গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি এসডি কার্ড ও ৫টি বাঁধাই করা বই জব্দ করা হয়।
এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, সৈকত হোসেন ও তার সহযোগীরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণের জন্য সাইবার স্পেসে বিভিন্ন গ্রুপ খুলে নিজেদের মধ্যে আলাপ চালিয়ে যাচ্ছিল। সৈকত উগ্রবাদী বিভিন্ন বই অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান জানিয়ে আসছিলেন।
