জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা পৃথিবীতেই স্পষ্ট। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীর সবকিছু যেন ওলটপালট করে দিচ্ছে, আর বারবারই মনে করিয়ে দিচ্ছে এ অবস্থার জন্য কারা দায়ী ও ক্ষতিগ্রস্ত কারা। ভুক্তভোগী জনগোষ্ঠীকে ক্ষতিপূরণের বিষয়টি এজন্য প্রাসঙ্গিক যে জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো প্রতিনিয়ত তাদের জীবনকে যেমন দুর্বিষহ করে তুলছে, তেমনি ধীরে ধীরে দরিদ্র থেকে দরিদ্রতর করছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে দরিদ্রতার যোগ সরাসরি, এই রূঢ় বাস্তবতা অতিসম্প্রতি দেখতে পাচ্ছি সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলে। এবারের নজিরবিহীন বন্যা ওই অঞ্চলের মানুষের সর্বস্ব কেড়ে নিয়েছে। তবে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় সাধারণত দুর্যোগ মোকাবিলায় অভিযোজন ও প্রশমন ইত্যাদি সম্পর্কিত আলোচনাই বেশি থাকে, যা পদ্ধতিগতভাবে বেশ কিছুটা তাত্ত্বিক কিন্তু বেশি আলোচিত হওয়া উচিত এর ফলাফল নিয়ে, এবং এর কেন্দ্রে থাকা মানুষদের নিয়ে, অবশ্যই যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী তাদের নিয়ে। জলবায়ু পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়ায় এই জনগোষ্ঠীর আবাসস্থল, জীবন-জীবিকা ও জীবনধারায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে বাধ্য করে। আর প্রয়োজনীয় সহযোগিতার অভাবে ধীরে ধীরে তারা দরিদ্র থেকে আরও দরিদ্রতর হয়। আর এ অবস্থাই তাকে সম্ভাবনাময় সামাজিক ও অর্থনৈতিক প্রাণীর পক্ষান্তরে জীবন রক্ষায় অর্থনৈতিক দাসে রূপান্তর করে। যার সহজ কিছু দৃষ্টান্ত নদীভাঙনের শিকার মানুষের শহরমুখিতায়, একইভাবে নোনাজলের প্রভাবে উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তুচ্যুত ও সহায়-সম্বলহীন হওয়া যেন এই বাস্তবতারই প্রতিচ্ছবি। অন্যদিকে ঋতুচক্রের পরিবর্তন প্রচলিত কৃষি ও কৃষি-পদ্ধতির পরিবর্তন শুধু খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক ব্যবস্থায় ব্যাপক প্রান্তিকতা তৈরি করছে। আর এ বিষয়গুলো যতটা জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত তার থেকে কোনো অংশে কম নয় মানবাধিকারের সঙ্গে এর যোগসূত্র খুঁজে পাওয়া।
এ সময় সরকার জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। এই পরিকল্পনায় বাংলাদেশকে জলবায়ুগত পার্থক্য বিবেচনায় এগারোটি অঞ্চলে বিভক্ত এবং চৌদ্দটি বিভিন্ন ধরনের দুর্যোগ চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশের সুনাম সারা পৃথিবীতে সমাদৃত। কিন্তু দুর্যোগ মোকাবিলা করে বেঁচে থাকা আর দুর্যোগ মোকাবিলা করে উত্তরোত্তর এগিয়ে যাওয়ার মধ্যে কিছু সক্ষমতা ও সামর্থ্যগত পার্থক্য আছে। দুর্যোগ মোকাবিলা করে বেঁচে থাকাই যথেষ্ট না, বরং প্রশ্ন হচ্ছে দুর্যোগ মোকাবিলা করে মর্যাদার সঙ্গে বেঁচে থাকা যাচ্ছে কি না যেখানে এই জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় রসদ, সেবা ও এর কার্যকর ব্যবস্থাপনাই মুখ্য।
জলবায়ু পরিবর্তনের কারণে ভুক্তভোগী জনগোষ্ঠীর যে অধিকারহীনতা তৈরি হয়, তার নিশ্চয়তা বিধান করাই জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আলোচনার মুখ্য বিষয় হওয়া উচিত। কারণ অধিকারহীনতাই প্রান্তিক জনগোষ্ঠীকে আরও বেশি প্রান্তিক করে তোলে। শুধু দুর্যোগের মধ্যে টিকে থাকা না, ভুক্তভোগী জনগোষ্ঠীর মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ আবাসন, কর্মসংস্থান ও কৃষি, সুপেয় পানি ইত্যাদির নিশ্চয়তা বিধান করতে হবে এবং এজন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে হবে। এখানেই ভুক্তভোগী জনগোষ্ঠীর প্রতি ক্ষতিপূরণের বিষয়টি সামনে চলে আসে। কারণ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও এরাই সবচেয়ে বড় ভুক্তভোগী।
আমরা সবাই জানি বিশ্বের ধনী দেশগুলো গত ১০০ বছরের বেশি সময় ধরে প্রকৃতির নির্বিচার শোষণের মাধ্যমে, শিল্পবিপ্লব নামক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধি এনেছে। তাদের এই নির্বিচার
প্রকৃতিবিনাশী কর্মকাণ্ডের মধ্য দিয়ে জলবায়ুর পরিবর্তন ত্বরান্বিত হচ্ছে এবং ভুক্তভোগী দেশগুলোর দরিদ্র জনগোষ্ঠী মারাত্মক প্রতিক্রিয়ার শিকার হচ্ছে। আর এদের সহযোগিতা নিশ্চিত করার জন্য দায়ী দেশগুলোকে জবাবদিহি করতে হবে।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো ক্ষতিপূরণ আদায়ে উন্নত দেশগুলোর কাছে দাবি করে আসছিল। এর অগ্রগতি সামান্য। তবে আশার কথা হলো সাম্প্রতিক বছরগুলোতে এর কিছুটা স্বীকৃতি আসতে শুরু করেছে। গত বছরের গ্লাসগো বিশ্ব জলবায়ু সম্মেলনের সময়ে স্কটল্যান্ড সরকার সর্বপ্রথম ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সাহায্যের প্রস্তাব করে। সর্বশেষ অতিসম্প্রতি ডেনমার্ক জাতিসংঘের প্রথম সদস্য হিসেবে জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণ প্রদানে প্রতিশ্রুতি দেয়। তর পরও পুনঃপুন দাবি সত্ত্বেও উন্নত ও জীবাশ্ম জ্বালানি-সমৃদ্ধ দেশগুলো প্রান্তিক জনগোষ্ঠীর অভিযোজনে সহায়তার বিষয়টিতে যেমন সহযোগিতা করছে না, একই সঙ্গে ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও এড়িয়ে যাচ্ছে।
অন্যদিকে এবারের (২০২২) সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘের মহাসচিব তার ভাষণে উন্নত দেশগুলোকে জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর ওপর বেশি বেশি কর আরোপের কথা বলেছেন, যাতে দুর্গত দেশগুলোকে সাহায্য করা যায়। তবে শুধু জীবাশ্ম কোম্পানিগুলোই একমাত্র সুফলভোগী না, ধনী দেশগুলোও এর সুফলভোগী। আবার এদের মধ্যে যে দেশগুলো ধীরে ধীরে কয়লার মতো জীবাশ্ম জ্বালানি থেকে বের হয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এদের অনেকেই আবার কয়লায় ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কয়লার মজুদ শুরু করেছে।
তবে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণে ধীরে ধীরে বহুপক্ষীয় উদ্যোগ কিছুটা হলেও সক্রিয় হচ্ছে। জাতিসংঘ এই প্রথম একজন বিশেষ প্রতিনিধি নিয়োগ দিয়েছে যিনি জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর মানবাধিকারের উন্নয়ন ও সুরক্ষা পর্যালোচনা করে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এ প্রতিবেদন পেশ করবেন। গত ৪ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২২ এই বিশেষ প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন জলবায়ু দুর্গত অঞ্চল পরিদর্শন করেছেন। তিনি তার প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করেছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠীকে তাদের বাড়িঘর ছাড়তে হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে অন্য অঞ্চলে এবং আন্তর্জাতিক সীমানা অতিক্রম করতে বাধ্য হচ্ছে। নারী, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিরা জলবায়ু পরিবর্তনের কারণে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি তার প্রাথমিক প্রতিবেদনে যে সুপারিশ প্রদান করেছেন সেখানে বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে ক্ষয়ক্ষতি সম্পর্কিত একটি তহবিল গঠন করা দরকার, পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করতে হবে।
ভুক্তভোগী জনগোষ্ঠীর অধিকার আদায়ে উন্নত দেশগুলো থেকে ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি এই জনগোষ্ঠীর প্রতি দেশ ও সরকারের ভূমিকাও বিশেষ গুরুত্বপূর্ণ। আর এজন্য ভুক্তভোগী জনগোষ্ঠীকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে সেটা যেমন বিবেচ্য, পাশাপাশি তাদের জন্য পরিকল্পনা কী তাও বিশেষভাবে বিবেচনা পাওয়ার দাবি রাখে। আর এখানেই তাদের জন্য প্রয়োজনীয় বিনিয়োগের বিষয়টি সামনে চলে আসে। এবারের সিলেট ও সুনামগঞ্জের বন্যা কিংবা উপকূলীয় অঞ্চলে বাঁধ ভেঙে যাওয়ার কারণে মানুষের সম্পদের যে ক্ষয়ক্ষতি তা মোকাবিলায় বিশেষ উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই। এজন্য ওই অঞ্চলের সেবা সংস্থাসমূহকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যে তারা জলবায়ু পরিবর্তনের এই বিরূপ পরিস্থিতিকে মোকাবিলা করতে তো পারবেই পাশাপাশি প্রয়োজনীয় নাগরিক সুবিধা ও মানবাধিকার নিশ্চিত করার মাধ্যমে কাক্সিক্ষত পরিবর্তনের পথ নিশ্চিত করবে।
লেখক : উন্নয়নকর্মী
