ফ্র্যাঞ্চাইজি পেল না সাকিবের মোনার্ক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১১:১৮ পিএম

আগ্রহপত্র জমা দিয়েও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব পায়নি সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিএলের আগামী তিন মৌসুমের জন্য বিপিএলের ৭ দলের স্বত্ব পাওয়া প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সাত প্রতিষ্ঠানের তালিকায় নাম নেই মোনার্ক হোল্ডিংসের, যেখানে চেয়ারম্যান সাকিব। মোনার্ক পদ্মা নামে দল গড়তে আগ্রহ প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি।

আগ্রহপত্র জমা দিয়েও দলের স্বত্ব পায়নি মোনার্ক গ্রুপ, যেখানে ক্রিকেটার সাকিব জড়িত। এর কারণ হিসেবে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা সরকারি বিভিন্ন সংস্থা থেকে মোনার্ক মার্টের ব্যাপারে নেতিবাচক সব প্রতিবেদন পেয়েছি, যা তাদের নিজস্ব তদন্তে উঠে এসেছে। এই প্রতিষ্ঠান সম্পর্কে একটা সংস্থাও আমাদের ভালো কিছু শোনাতে পারেনি। এই প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের সার্বিক যে  পর্যবেক্ষণ, তাতে করে আমরা সন্তোষজনক কিছু পাইনি।’

গত ২ আগস্ট তিন মৌসুমের জন্য বিপিএলের ফ্র্যাঞ্চাইজি বিক্রির লক্ষ্যে আগ্রহপত্র চেয়েছিল বিসিবি। আগ্রহপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ৩০ আগস্ট। রবিবার বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে যাচাইবাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত করা সাত প্রতিষ্ঠানের নাম।

ফরচুন বরিশাল স্পোর্টস পেয়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি, মাইন্ড ট্রি লিমিটেড পেয়েছে খুলনা ফ্র্যাঞ্চাইজি, প্রগতি গ্রিন অটো রাইস মিলের হাতে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা, ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড পেয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি, টগি স্পোর্টস লিমিটেডের (বসুন্ধরা গ্রুপ) হাতে রংপুর এবং ডেল্টা স্পোর্টস লিমিটেড নিয়েছে চট্টগ্রাম। কুমিল্লা লিজেন্ডস লিমিটেড পেয়েছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি।

ঘুরেফিরে পুরনো নামগুলোই আবার এসেছে নতুন করে। নতুন অতিথি ফিউচার স্পোর্টস লিমিটেড। অতীতে কোনো ক্রীড়া আসরে তাদের উপস্থিতি কিংবা ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ততার কথা জানা যায়নি, ইন্টারনেট ঘেঁটেও পাওয়া যায়নি কোনো হদিস। যদিও এসব বিপিএলের নিয়মিত দৃশ্য। শোনা যাচ্ছে মাশরাফি বিন মোর্ত্তজাকে সঙ্গে নিয়েই বিপিএলে পা রাখতে যাচ্ছে বেশ কজন লগ্নীকারিকে নিয়ে গড়া এই দলটি।

২০১৮-১৯ এর পর আবারও মাঠে ফিরছে বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স। তারকাবহুল দল গড়ে সাফল্য পাওয়া দলটিই আসলে বিপিএলের বদলে যাওয়ার নেপথ্য কাহিনীর কেন্দ্রবিন্দু! ২০১৯ সালের ১৮ জুলাই ঢাকা ডায়নামাইটস ছেড়ে সাকিবের রংপুরে যোগদানের চুক্তি সই অনুষ্ঠানের পরই বিসিবি আর চুক্তি নবায়ন করেনি ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে। সেই থেকে বিসিবি নিজেই চালিয়েছে বিপিএলের দল, স্বত্ব দিয়েছে এক মৌসুমের জন্য। এই বছর থেকে আবারও দীর্ঘ মেয়াদি চুক্তি, তাই ফিরেছে রংপুর রাইডার্সও। তবে ফেরেনি ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটানসের মতো জনপ্রিয় ও তারকাবহুল ফ্র্যাঞ্চাইজিগুলো।

ফরচুন বরিশালের আগমন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে, এরপর গত বিপিএলে অংশ নিয়ে রানার্স আপ। আগামী তিন বছরেও থাকছে ফরচুন বরিশাল। দলটির মালিকানায় আছে ফরচুন গ্রুপÑযারা পাদুকা শিল্পের সঙ্গে জড়িত। দলটিকে গতবার নেতৃত্ব দেন সাকিব আল হাসান। খুলনার মালিকানা বিজ্ঞাপনী সংস্থা মাইন্ড ট্রি’র হাতে, আখতার গ্রুপের ডেল্টা স্পোর্টস চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে গত কয়েকটি আসরেই অংশ নিয়েছে। পুরনো ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানস গত মৌসুমের চ্যাম্পিয়ন। শুরুতে আগ্রহপত্র জমা না দিলেও পরে বিসিবিতে চিঠি দিয়ে সময় বাড়িয়ে আবেদন করেছে নাফিসা কামালের দল। সেই আবেদনে সাড়াও দিয়েছে বিসিবি।

প্রগতি গ্রুপ গেল মৌসুমে ছিল সিলেট সানরাইজারস দলের মালিকানায়। মালিকপক্ষের প্রতিনিধি শেখ কুদরত-ই-ইবতিহাজ জয় জানিয়েছিলেন, তাদের আগ্রহ ছিল পদ্মা নামে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার। কিন্তু তাদের হাতে এসেছে রাজধানী। জয় দেশ রূপান্তরকে জানিয়েছেন, ‘আমরা পদ্মা নামেই দল করতে চেয়েছিলাম। মনে হয় এখনো পদ্মা বিভাগ না হওয়াতে পদ্মা দেয়নি, ঢাকা ফাঁকা থাকায় আমাদের এই ফ্র্যাঞ্চাইজিটিই দেওয়া হয়েছে।’

পদ্মা নামে দল গড়তে চেয়েছিল সাকিবের প্রতিষ্ঠান মোনার্কও। প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক আবুল খায়ের গণমাধ্যমকে জানিয়েছিলেন মোনার্ক পদ্মা নামে দল গড়তে তারা আগ্রহপত্র জমা দিয়েছেন। সাকিবকে নিয়ে দল গোছানোর কাজেও অনেকটা এগিয়ে গিয়েছিলেন বলে তিনি জানিয়েছিলেন। শেষপর্যন্ত ফ্র্যাঞ্চাইজির স্বত্বই পেল না মোনার্ক। বেশকিছু বিতর্ক আছে প্রতিষ্ঠানকে নিয়ে। শেয়ারবাজার কেলেংকারিতে নিয়মিতই আর্থিক জরিমানার মুখে পড়ছে মোনার্ক, সেই সঙ্গে জড়িয়েছে সাকিবের নামও। সম্প্রতি মোনার্কের পরিচালকদের মধ্যে শেয়ারবণ্টন সংক্রান্ত চুক্তিতে সাকিবের বাবার নামে ভুল নিয়েও হয়েছে বিতর্ক। সরকারি কর্মকর্তা হয়েও শেয়ারবাজারে আবুল খায়ের হিরোর সম্পৃক্ততা নিয়েও আছে প্রশ্ন। সব মিলিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা মোনার্ক আর বিতর্কের জন্ম দেওয়াকে অভ্যাস বানিয়ে ফেলা সাকিবের এই যুগলবন্দির বাউন্সারে আপাতত ‘ডাক’ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত