পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, ২০১৯ সালে করোনা মহামারীর আগে জরিপ করে দেশে ৪৩ হাজার নদ-নদী দখলদার পাওয়া গেছে। তার মধ্যে ২৩ হাজার দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। বাকিগুলোর বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু করা হবে। ক্ষমতাশালী বা বিত্তশালী যারাই হোক কাউকেই এবার ছাড় দেওয়া হবে না।
তিনি গতকাল রবিবার দুপুরে জাতীয়ভাবে বিশ্ব পানি দিবস পালন উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ধাঁধাঁর চরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রণালয়, নদী পরিব্রাজক দল, নদী রক্ষা কমিটিসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, অতিরিক্ত মহাপরিচালিক মো. এজাজ আহমদ, জেলা নদী রক্ষা কমিটির সদস্য মুকুল কুমার মল্লিক, অধ্যাপক অসীম বিভাকর, মো. মোশারফ হোসেন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, নদী পরিব্রাজক দলের সভাপতি মো. মনির হোসেন প্রমুখ।
সিনিয়র সচিব আরও বলেন, আমরা মানুষরাই হস্তারক হয়ে গেছি। নদ-নদী-প্রকৃতি প্রায় সবকিছু আমরা ধ্বংস করে ফেলছি। আমাদের দেশে নদ-নদী-খাল-বিল জলাশয়ে যে পানি আছে আমরা তার মাত্র ৮ শতাংশ ব্যবহার করি। যদি শুকনো মৌসুমে ব্যবহারের জন্য এ হার ১০-১২ শতাংশ করা যায় তবে দেশে ব্যবহারোপযোগী পানির অভাব থাকবে না।
