বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৭ এএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ টিকিট নিশ্চিত হওয়ায় চাপের কিছু ছিল না। তবুও ফাইনাল বলে কথা, জিততেই হবে। বাংলাদেশ নারী দল সহজ জয়েই আরেকবার বাছাইপর্ব শেষ করল। আবুধাবিতে অনুষ্ঠিত এবারের ফাইনালে আয়ারল্যান্ড নারী দলকে ৭ রানে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। আগে ব্যাট করে ৮ উইকেটে ১২০ রান তোলে নারীরা। জবাবে আইরিশরা ৯ উইকেটে ১১৩ রানে আটকে গেছে। নিগার সুলতানা জ্যোতিদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নিজেদের লক্ষ্যটা পূর্ণ করেছেন তারা। এর আগে ২০১৮ ও ২০১৯ সালে পরপর চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

ফাইনালে সহজ জয় এসেছে ফারজানা হক পিংকিংর ফিফটিতে। ক্যারিয়ারে তৃতীয় হাফসেঞ্চুরির ইনিংসটি খেলেছেন তিনি। ৫৫ বলে ৭ চারে ৬১ রান করে ফিরেছেন দলকে একশ পার করিয়ে। পিংকি ছাড়া ২০ বলে ২ চারে ২১ রানের ইনিংস খেলেন রুমানা আহমেদ। দুজনের ৪৯ রানের জুটিটিই ছিল সর্বোচ্চ। এই দুই ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের রান তুলতে পারেননি।

সেমিফাইনালে ১১৩ রান করে থাইল্যান্ডের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। তাই এ ম্যাচে ১২০ রানেও খুব একটা ভয় ছিল না। সানজিদা আক্তার মেঘলা ও রুমানা আহমেদদের বোলিং তোপে সেই কাজ আরও সহজ হয়। মাত্র ৫৮ রানে ৭ উইকেট হারিয়ে ১৩ ওভারের ভেতর ম্যাচ থেকে ছিটকে যায় আইরিশ নারীরা। রুমানা আহমেদ সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন সানজিদা, নাহিদা ও সোহেলী। আসরে ৫ ম্যাচে ১৮০ রান নিয়ে দ্বিতীয় সেরা রান সংগ্রাহক নিগার সুলতানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত