নন-ক্যাডার সরকারি সব চাকরির আবেদন ফি পুনর্নির্ধারণ করে দিয়েছে সরকার। সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার জন্য এই ফি দিতে হবে আবেদনকারীদের। গতকাল রবিবার অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে সরকারি চাকরির আবেদন ফি নির্ধারণ করা হলেও আগে কত টাকা ছিল, সেটা উল্লেখ করা হয়নি। তাই আবেদন ফি কত টাকা বেড়েছে বা কমেছে, সেটা জানা যায়নি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি গ্রহণ করা যাবে এবং পরীক্ষার ফি বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে দেওয়া হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক পরীক্ষার ফি বাবদ অর্থ গ্রহণের পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা দেওয়ার পর ওই প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে ওই অর্থ নিজস্ব ব্যাংক হিসাবে জমা করতে পারবে।
অনলাইন আবেদন গ্রহণ না করা হলে পরীক্ষার ফি বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারে অর্থ গ্রহণ করতে পারবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবম গ্রেড বা তদূর্ধ্ব পদের আবেদন ফি ৬০০, দশম গ্রেডের আবেদন ফি ৫০০, এগারো ও বারোতম গ্রেডের আবেদন ফি ৩০০, তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য ২০০, সতেরো থেকে বিশতম গ্রেডের আবেদন ফি ১০০ টাকা।
পরীক্ষার ফি বাবদ আদায় করা অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ‘১৩ ডিজিটের প্রাতিষ্ঠানিক কোড’ ও ‘০৭ ডিজিটের নতুন অর্থনৈতিক কোড ১৪২২৩২৬’-এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা হবে। কোনো প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে (টিআর ফরম) ‘পরীক্ষার ফি’ জমা করতে চাইলে ‘১-প্রাতিষ্ঠানিক কোড (চার অঙ্কের), পরিচালনা কোড (চার অঙ্কের) ও অর্থনৈতিক কোড (২৩০১)’-এ জমা করতে হবে।
সরকারি চাকরিতে আগে আবেদন ফি ছিল ৫০ টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত। এর মধ্যে পুলিশ কনস্টেবল পদে ১২০, উপপরিদর্শক (এসআই) ৩৫০, সরকারি ব্যাংকে ২০০, খাদ্য অধিদপ্তরে ৩০০ থেকে ৫০০, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে ৫০০ থেকে ১ হাজার এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে ৫০ থেকে ২০০, বিসিএসে ৭৫০, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষক পদে ১১০ থেকে ৩৫০ টাকা।
