রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ১১টার দিকে বাবর রোডের তিনতলার একটি ফ্ল্যাট থেকে স্বামী নোমান ও স্ত্রী শামীমার লাশ উদ্ধার করা হয়। এর আগে ওই বাসার অন্য ফ্ল্যাটের বাসিন্দারা দরজা ভেঙে তাদের মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় বলে জানিয়েছে পুলিশ। নোমান বিদেশে থাকতেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। তবে তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসার ভেতর ফ্লোরের বিছানায় পড়েছিল স্ত্রীর লাশ। চাদরে মোড়ানো ছিল তার নিথর শরীর। আর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল স্বামীর লাশ। তার হাতে রক্ত জমাট বেঁধে লাল হয়ে ছিল। গতকাল রাত সাড়ে ১২টার দিকে এ প্রতিবেদন লেখার সময় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল।
ঘটনাস্থলে থাকা ডিএমপির মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মোহাম্মদ কামরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘নোমান ও শামীমা নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নই।’
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজিব পাটোয়ারী বলেন, ‘আমরা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি স্বামী ফ্যানের সঙ্গে ঝুলছে এবং স্ত্রী বিছানার ওপর মৃত অবস্থায় পড়ে আছেন। নোমান সৌদি আরব প্রবাসী।’ তিনি আরও বলেন, ‘এক বছর আগে প্রেমের সম্পর্ক থেকে দুজন বিয়ে করেন। পারিবারিকভাবে সেটা মেনে নেওয়া হয়নি। সে কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। দুজনের বাড়ি ভোলার লালমোহন থানা এলাকায়। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’
