লিজেন্ডসদের সিরিজে অবশেষে পয়েন্টের খাতা খুললো বাংলাদেশ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১১:১৬ এএম

রোড সেফটি সিরিজ খেলতে গিয়ে একের পর এক পরাজয় দেখছিল বাংলাদেশ লিজেন্ডস দল। টানা তিন হারের পর অবশেষে পয়েন্টের খাতা খুলতে পারলেন বাংলাদেশের সাবেক তারকারা। সেটাও প্রকৃতির উপহার বৃষ্টির সুবাদে। রবিবার রাতে ভারতীয় লিজেন্ডস দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে।

আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। জবাবে ভারতীয়রা ৪ ওভারে এক উইকেট হারিয়ে ২৯ রান করতেই নামে বৃষ্টি। ফলে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ। আর এক ওভার বেশি খেলা হলেই অবশ্য বৃষ্টি আইনে হারতে হতো বাংলাদেশকে।

দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন ধীমান ঘোষ। এছাড়া আফতাব আহমেদ ১৪ বলে ২০, ডলার মাহমুদ ৯ বলে ১৬ ও আব্দুর রাজ্জাক করেন ৭ বলে ১৩ রান।

ভারতের পক্ষে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। এছাড়া বিনয় কুমার ও অভিমান্যু মিথুনের শিকার দুইটি করে উইকেট। কিপটে বোলিংয়ে চার ওভারে মাত্র ১২ রান দেন রাহুল শর্মা। তার একমাত্র শিকারে পরিণত হন ইলিয়াস সানি।

পরে ব্যাট করতে নেমে আব্দুর রাজ্জাকের বলে সরাসরি বোল্ড হয়ে যান নামান ওঝা। তিনি করেন ১১ রান। এছাড়া সুরেশ রায়না ১০ ও সুব্রিমানিয়াম বদ্রিনাথ ১ রানে অপরাজিত থাকেন। আব্দুর রাজ্জাক দুই ওভারে ১০ রানে নেন এক উইকেট। শরীফ দুই ওভারে দেন ১৫ রান।

যথাসময়ে নেমে আসা বৃষ্টি বাংলাদেশকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকা লিজেন্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। যা মূলত নিয়মরক্ষার ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত