লাউয়াছড়ায় সড়কে গাছ ফেলে আবার ডাকাতি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৩ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সড়কে আবারও রাতের বেলায় গাছ ফেলে যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। সড়ক অবরোধ করে ১৪-১৫ জনের মুখোশপরা ডাকাতদল ২০-৩০টি গাড়ি আটকে চালক ও যাত্রীদের মারধর করে মোবাইল ফোন ও টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতদের মারধরের ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ যাত্রী। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনের মুজিবের ঠিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে গত ১৭ জুলাই একই স্থানে ডাকাতি সংগঠিত হয়েছিল। ভুক্তভোগী ব্যবসায়ী আলাউদ্দীন, মোহাম্মদ আসিফসহ কয়েকজন জানান, ‘অনেক যাত্রী ও চালক মালামাল দিতে না চাওয়ায় তাদের গামছা দিয়ে হাত-পায়ে বেঁধে রেখেছিল ডাকাত দল। খবর পেয়ে ঘটনার এক ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে প্রথমে শ্রীমঙ্গল থানা ও পরে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়, তবে তার আগেই পালিয়ে যায় ডাকাতদলটি।

এদিকে, গত ৪ মাসে ৩টি ডাকাতির ঘটনার কোনো সুরাহা না হওয়ায় জনমনে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ঘনঘন ডাকাতি রোধে পুলিশি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ সড়কে টহল জোরদার করা প্রয়োজন।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘ঘটনার পর সারা রাত অভিযান চালিয়েও পাহাড়ি এলাকায় কাউকে পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত