প্রখ্যাত অভিনেত্রী দিলারা জামান। ষাটের দশকে অভিনয় ক্যারিয়ার শুরু। এখনো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন এই তারকা
এই সময়ে জীবন...
আমার জীবনের এখনকার ভাবনাগুলো আমাকে খুব তাড়িত করে। এই অর্থেÑ এটা কেন এমন হলো, এটা তো না হলেও পারত। কোনো অনিয়মের প্রতিবাদ আমি যদি আগ বাড়িয়ে করতে পারতাম তাহলে সবার জন্য শিক্ষণীয় বিষয় হয়ে থাকতে পারত, কিন্তু কেন সেই কাজটা করতে পারিনি। ঠিক তাৎক্ষণিক যে কাজটা করার, তা যদি না করতে পারি সেটা এখন আমাকে বেশি পীড়া দেয়। তবে আমি বুঝি এখন আমার দ্বারা সব কাজ করা সম্ভব নয়। বয়স আমাকে সেটা করতে দেয় না। তারপরও কেন জানি একটা অপরাধবোধ আমাকে সব সময় কষ্ট দেয়। আমার মনে হয়, কেন আমি আরও সাহসী হলাম না। কেন আমি অন্যায়গুলোকে মেনে নীরবে চলে আসলাম।
স্বপ্নের চরিত্র...
প্রায় ৬০ বছরের অভিনয় জীবনে এখনো অধরাই রয়ে গেছে স্বপ্নের চরিত্র। তবে এখনো স্বপ্ন দেখি, এমন একটা চরিত্রে অভিনয় যেন করতে পারি, যা সব মানুষের মনে দাগ কেটে যায়।
লাইফস্টাইল...
আমি খুব সাধারণ জীবনযাপন করি। আমার বাসায় দামি কিছু নেই। এ জন্য আমার আত্মীয়স্বজন অনেকেই অনেক অভিযোগ করেন। আমি তাদের বলি, দেখানোর কিছু নেই। আমার কর্মই সব। সেখান থেকে মানুষ যদি কিছু শিখতে পারে, সেখানেই আমার সার্থকতা। আমি মনে করি, হয়তো এক জীবনে আমি তেমন কিছু করতে পারিনি। যতটুকু করেছি আমার মনে হয়, সেটা আমি সঠিকভাবে না হলেও যথাযথভাবে করার চেষ্টা করেছি। কাউকে কখনো বঞ্চিত করিনি, আঘাত দিইনি। নিজের স্বার্থের ঊর্ধ্বে সে কাজটা করার চেষ্টা করেছি।
কাজের অনুপ্রেরণা...
আগেও বলেছি, আমি কাজের ব্যাপারে সব সময় সৎ থাকার চেষ্টা করেছি। আমি অভিনয় পেশায় যেমন সৎ থাকার চেষ্টা করেছি; আমি যখন শিক্ষকতা করতাম, তখন একজন ছাত্রকে যতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন, সেটা আমি সাধ্যমতো করার চেষ্টা করেছি যতক্ষণ পর্যন্ত না তার পড়া আদায় করতে পেরেছি। কিন্তু আমি যখন অভিনয়টাকে পেশা হিসেবে নিলাম তখন শুধু পেশা নয়, এক ধরনের দায়িত্ববোধও চলে এসেছে। এই যে নাটকের চরিত্রগুলো তা আমার সন্তানের মতো। বলতে পারি কাজের প্রতি আমার দায়িত্ববোধই আমার অনুপ্রেরণা।
