নব্বইয়ের অভ্যুত্থানের প্রত্যাশা আজও পূরণ হয়নি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৬ পিএম

নব্বইয়ে সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্র-গণ অভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-কৃষকসহ সকল শ্রেণির পেশাজীবী মানুষের প্রত্যাশা আজও পূরণ হয়নি। আমরা নব্বইয়ের সেই আন্দোলনের চেতনায় ঐক্যবদ্ধভাবে গ্রাম-শহরের সর্বত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই।

‘সর্বদলীয় ছাত্র ঐক্য'র প্রতিষ্ঠা ও জেহাদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মোহাম্মদপুরে নব্বইয়ের ছাত্র-গণ অভ্যুত্থানের সংগঠকদের এক প্রস্তুতি সভায় বক্তরা একথা বলেন।

দেশের সর্বত্র সাবেক নেতৃবৃন্দদের উদ্যোগী হয়ে ‘সর্বদলীয় ছাত্র ঐক্য'র প্রতিষ্ঠা ও জেহাদ দিবস’ পালন করার জন্য আহ্বান জানান তারা।

সভায় আগামী ১০ অক্টোবর বিকাল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে ১৯৮৪ সনের এই দিনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) ৪৮ ঘণ্টা ধর্মঘট চলাকালে এরশাদ বাহিনীর গুন্ডাদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ময়েজউদ্দিন ও নেত্রকোনায় ছাত্রলীগের নেতা তিতাসের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা নাজমুল হক প্রধান, নুর আহমেদ বকুল, শফি আহমেদ, সিরাজুমমুনীর, বজলুর রসিদ ফিরোজ, ফায়জুল হক, রাগীব আহসান মুন্না, সুজাউদ্দিন জাফর, বেলাল চৌধুরী, সরদার ফারুক ও আমিনুল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত