মেসির জোড়া গোলে হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। ফিফা আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচে জ্যামাইকার বিপক্ষেও সাতবারের ব্যালন ডি অর জয়ীর পায়ের জাদু দেখিয়ে করলেন দুই গোল। ফের একই ব্যবধানে জয় পেল লিওনেল স্কলোনির শিষ্যরা।
এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০-এ। দলের হয়ে অন্য গোলটি করেছেন মেসির জায়গায় ম্যাচের শুরু থেকে খেলতে নামা হুলিয়ান আলভারেজ। তাতে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকলো আর্জেন্টিনা।
ফ্লু-তে আক্রান্ত হয়ে খানিক অসুস্থতা থাকায় জ্যামাইকার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে মেসিকে রাখেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার জায়গায় শুরু থেকে নামেন হুলিয়ান আলভারেজ। যিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিতে সময়ে নিয়েছেন মাত্র ১৩ মিনিট। আরেক ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন আলভারেজ। তবে শুরুতে এগিয়ে যাওয়ার পর আর গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে হয়নি আর কোনো গোল। দ্বিতীয়ার্ধেও ৮৫ মিনিট পর্যন্ত স্কোরলাইনে আসেনি কোনো পরিবর্তন।
যুক্তরাষ্ট্রের মিয়ামির দর্শকদের আনন্দে ভাসিয়ে ৫৬ মিনিটের সময় মেসিকে নামান আর্জেন্টাইন কোচ। ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট বাকি থাকতে জিওভানি লো সেলসোর পাস ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাম পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন মেসি। এসময় তাকে জড়িয়ে ধরতে, গায়ে অটোগ্রাফ নিতে গ্যালারি থেকে ছুটে আসেন এক দর্শক।
দলকে ২-০ গোলে এগিয়ে দেওয়ার পরেও থামেননি মেসি। এবার ৮৯ মিনিটে প্রায় একই জায়গায় ফ্রি-কিক পেয়ে যায় আর্জেন্টিনা। বুদ্ধিদীপ্ত ফ্রি-কিকে মাটি কামড়ানো শটে ডানদিক দিয়ে বল জালে জড়ান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।
