অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জয় শেষে ফুরফুরে মেজাজেই রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেই রেশ থাকতে থাকতেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-টোয়িন্টি লড়াই শুরু হচ্ছে আজ থেকে। বুধবার থেকে শুরু হতে চলা সিরিজ়ে তিন পরিবর্তন নিয়ে খেলতে নামবে ভারত। দলে ফিরেছেন শ্রেয়া আইয়ার, উমেশ যাদব ও শাহবাজ আহমেদ।
বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই সিরিজে খেলবেন না হার্দিক পাণ্ডিয়া। সেই সঙ্গে দলে নেই মোহাম্মদ শামি ও দীপক হুদাও।
শামি করোনা আক্রান্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে খেলতে পারেননি। তার করোনা এখনও সারেনি। সেই কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দলে নেওয়া হয়েছে উমেশ যাদবকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের রিজার্ভ দলে রয়েছেন শামি। শেষ এক বছরে ভারতের হয়ে কোনো টি-টোয়েন্টি ম্যাচ না খেলেই রিজার্ভ দলে জায়গা করে নিয়েছেন। বিশ্বকাপে খেলতে হলে কোনো ম্যাচ না খেলেই নামতে হতে পারে তাকে।
চোট রয়েছে দীপক হুদারও। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রয়েছেন। রোহিতের চিন্তার কারণ হয়ে উঠতে পারে তার চোট। সেই কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেখে নেওয়া হতে পারে শ্রেয়াসকে। তিনিও বিশ্বকাপের রিজার্ভ দলে রয়েছেন। মিডল অর্ডারে ব্যাটার প্রয়োজন হলে খেলতে পারেন তিনি।
এই সিরিজ়ে হার্দিককে বিশ্রাম দেওয়া হয়েছে। টানা ম্যাচ খেলছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তরতাজা হার্দিককে প্রয়োজন ভারতের। সেখানে অলরাউন্ডার হিসাবে দলের বড় ভরসা তিনি। সেই কারণে এই সিরিজ়ে বিশ্রামে হার্দিক। তার বদলে দলে জায়গা পেয়েছেন বাংলার শাহবাজ।
অলরাউন্ডার হিসাবে ঘরোয়া ক্রিকেটে নির্বাচকদের নজর কেড়েছেন শাহবাজ। রঞ্জিতে ভাল খেলেছেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও ছিলেন দারুণ ফর্মে। এর আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে এক দিনের দলেও ছিলেন তিনি। যদিও ম্যাচ খেলা হয়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও অক্ষর প্যাটেলকে টপকে জায়গা পাওয়া কঠিন।
ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, আরশদীপ সিংহ, হর্ষল পটেল, দীপক চাহার, যশপ্রীত বুমরা, উমেশ যাদব, শ্রেয়স আয়ার এবং শাহবাজ আহমেদ।
