সিগারেট রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চায় বিএটি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৫১ এএম

সিগারেট রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধার দাবি জানিয়েছে দেশের শীর্ষ সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবি)। প্রতিবেশী দেশ ভুটানে শুল্কমুক্ত কোটায় সিগারেট রপ্তানির এ সুবিধা চেয়েছে দেশে সিগারেটের বাজারের ৮০ শতাংশ দখলে থাকা এ কোম্পানিটি।

ভুটানে শুল্কমুক্ত কোটায় সিগারেট রপ্তানির বিষয়ে বিএটিবির হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স শেখ শাবাব আহমেদ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের কাছে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, গত আগস্টে বাংলাদেশ-ভুটানের মধ্যে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) সই হয়েছে। তাতে বাংলাদেশের ১০০টির বেশি পণ্য ভুটানে রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে। সেই তালিকায় সিগারেটকে আওতাভুক্ত করার অনুরোধ জানিয়েছে বিএটিবি।

বিএটিবি বলছে, বাংলাদেশ প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে তামাক পাতা রপ্তানি করে, বর্তমানে বছরে ৮ কোটি ৫০ লাখ ডলার আয় করছে। যা চলতি বছর শেষে ১০ কোটি ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রথমবারের মতো ভুটানে বাংলাদেশে তৈরি সিগারেট রপ্তানি করবে। যার মাধ্যমে প্রথম বছরে ২০ লাখ ডলার আয় হবে। শুল্কমুক্ত সুবিধা পেলে আগামী পাঁচ বছরের মধ্যে সিগারেট রপ্তানি করে বছরে ৯০ লাখ ডলার আয় করতে চায় বিএটিবি। এ জন্য প্রতিবেশী দেশ ভারতের মতো ভুটানে শুল্কমুক্ত সুবিধা চায় বিএটিবি।

বহুজাতিক সিগারেট উৎপাদনকারী এ প্রতিষ্ঠানটি বলছে, ভারতের সিগারেট রপ্তানিতে শতভাগ শুল্কমুক্ত সুবিধা রয়েছে। বর্তমানে চীন, সিঙ্গাপুর, মালদ্বীপে সীমিত পরিসরে সিগারেট রপ্তানি করছে বিএটিবি। এতে বছরে ২ লাখ ডলার আয় হচ্ছে।

চিঠিতে বলা হয়েছে, রপ্তানি বাড়াতে তারা দুই বছর আগে সাভারে একটি কারখানা করেছে। তাদের ঢাকা ও সাভারের দুটি কারখানায় এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী রয়েছে। প্রায় দেড় লাখ তামাকচাষি, ১৫ লাখ সিগারেট বিক্রেতাসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৮০ লাখ মানষের জীবিকা নির্বাহী হয়। বিএটিবির ৯ শতাংশ শেয়ারের মালিক সরকার।

বিএটি বাংলাদেশ থেকে তামাক পাতা ও প্রস্তুত সিগারেট রপ্তানি করে থাকে। তবে সাম্প্রতিক সময়ে তামাক পাতা রপ্তানিতে বিএটির আয় বাড়লেও সিগারেট রপ্তানি থেকে আয় কমেছে। ২০২১ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটি ১ কোটি ৯ লাখ ৭০ হাজার সিগারেট রপ্তানি করে আয় করেছিল ৩ কোটি ৫ লাখ টাকা। আর চলতি ২০২২ সালের প্রথমার্ধে ১ কোটি ১৫ লাখ সিগারেট রপ্তানি করে আয় করে ১ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা। প্রায় একই পরিমাণের সিগারেট রপ্তানি হলেও চলতি প্রথমার্ধে রপ্তানি মূল্য ৬৫ শতাংশ কমে গেছে। এ সময় ২৪ লাখ কেজি তামাক পাতা রপ্তানি করে আয় হয় ৫৯ কোটি ৩৩ লাখ টাকা। আগের বছরের একই সময়ে ১৬ লাখ ৬০ হাজার কেজি তামাক পাতা রপ্তানি থেকে আয় হয়েছিল ৪১ কোটি ১৮ লাখ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, প্রাণঘাতী রোগ সৃষ্টিকারী ধূমপানের বিষয়ে জনসমক্ষে আলোচনা করা একটি সংবেদনশীল বিষয়। ধূমপানের কারণে ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের রোগ, ডায়াবেটিস এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ক্রনিক ব্রংকাইটিসের মতো জটিল রোগ হয়।

২০২১ সালের ৬ ডিসেম্বর ভুটান এবং বাংলাদেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই হয়। যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল। বিভিন্ন পরিস্থিতিতে চলতি বছরের শেষ নাগাদ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

গত মাসের শুরুর দিকে, দুই দেশের মধ্যে আগের চুক্তির ভিত্তিতে বাংলাদেশ আরও ১৬টি ভুটানি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। গত ৪ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ২০২০ সালের ডিসেম্বরে, বাংলাদেশ একটি পিটিএর অধীনে ভুটানের ৩৪টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়।

এতে বলা হয়েছে, ভুটান থেকে দুধ, প্রাকৃতিক মধু, গমের আটা, জ্যাম, ফলের জেলি, মার্বেল শিট, সিমেন্ট ক্লিংকার, পোর্টল্যান্ড সিমেন্ট, সাবান, পার্টিকেল বোর্ডসহ ১৬টি পণ্য আমদানিতে কোনো শুল্ক বা কর আরোপ করা হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত