ইউক্রেনের যে চার অঞ্চল এখন রাশিয়া ও তার মিত্রদের দখলে আছে সেখানে পাঁচ দিন ধরে চলা গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে বিপুল জনরায় এসেছে। গণভোট থেকে প্রাপ্ত আংশিক ফলাফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ব্যাপকসংখ্যক মানুষ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে মত দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত এসব অঞ্চলে প্রায় ৪০ লাখ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে রুশপন্থি বিভিন্ন সংবাদ সংস্থা খবর দিচ্ছে যে, ৯৯.২৩ শতাংশ মানুষ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। আগামী শুক্রবারই প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনের মোট ভূখ-ের প্রায় ১৫ শতাংশের এ চার এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা দিতে পারেন।
এদিকে এ গণভোটকে ‘জালিয়াতি’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন এবং তার মিত্র দেশগুলো। এ গণভোট আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ার কারণে এর প্রক্রিয়া স্বাধীনভাবে পর্যবেক্ষণ করা হয়নি। যুক্তরাষ্ট্র সেখানে অনুষ্ঠিত গণভোটকে ‘কলঙ্কজনক’ অ্যাখ্যা দিয়ে জাতিসংঘে নিন্দা প্রস্তাব আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স ও বিবিসি বলছে, ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলোতে যে তথাকথিত গণভোট অনুষ্ঠিত হয়েছে সেটির মাধ্যমে সেসব জায়গাকে রাশিয়া তাদের অংশ করে নিতে ব্যবহার করতে পারে। দখলকৃত অঞ্চলে মস্কো যেসব কর্মকর্তাকে বসিয়েছে, তারা দাবি করছে এ গণভোটে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় সবাই রাশিয়ার অংশে যাওয়ার জন্য মত দিয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ক এবং দক্ষিণাঞ্চলে জাপোরিশা অঞ্চলে এ গণভোট আয়োজন করা হয়। গণভোট থেকে প্রাপ্ত আংশিক ফলাফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ব্যাপকসংখ্যক মানুষ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে মত দিয়েছে। ২০১৪ সালের মার্চ মাসে একই ধরনের একটি গণভোটের আয়োজনের মাধ্যমে পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার অংশ করে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সে গণভোটও আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়নি।
তবে গণভোটকে সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, এসব অঞ্চলে বসবাসরত জাতিগত রাশিয়ান এবং রাশিয়ান ভাষাভাষী জনগণের ওপর দমনপীড়ন বন্ধ করার জন্য এ আয়োজন করা হয়েছে। যদিও কোনো ধরনের দমনপীড়নের অভিযোগ বরাবরই অস্বীকার করেছে ইউক্রেন।
বিবিসি বলছে, রাশিয়া যদি এ চারটি অঞ্চলে নিজেদের অংশ করে নেয়, তখন যুদ্ধ আরেকটি ভিন্ন এবং বিপজ্জনক মাত্রায় পৌঁছে যাবে। কারণ এসব অঞ্চল ফিরে পাওয়ার জন্য ইউক্রেন যখন যুদ্ধ করবে তখন সেটিকে রাশিয়া তাদের সার্বভৌম ভূমিতে হামলা হিসেবে বিবেচনা করবে। চারটি অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, দখল করা এলাকাগুলোতে এ ধরনের প্রহসনকে গণভোটের নকলও বলা যায় না।
এ গণভোট বাস্তবায়নের সঙ্গে যেসব কর্মকর্তা জড়িত তাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছে যাতে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনের এসব অঞ্চলকে রাশিয়ার অংশ করে নিলে সেটিকে পাশ্চাত্য কখনোই স্বীকৃতি দেবে না। গণভোট নিয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, সব দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে।
কিয়েভ থেকে বিবিসির সংবাদদাতা জেমস ওয়াটার হাউজের বিশ্লেষণ হচ্ছে, চারটি অঞ্চলে গণভোটের যে ফল আসবে সেটিতে অবাক হওয়ার মতো তেমন কিছুই থাকবে না। তার মতে, এ গণভোটের মাধ্যমে রাশিয়া ইউক্রেনে তাদের অবস্থানের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। এসব অঞ্চলকে রাশিয়ার অংশ করে নেওয়ার মাধ্যমে এখানে বসবাসরত ইউক্রেনীয়দের ‘স্বাধীনতা’ দেওয়ার জন্য রাশিয়ার যে চেষ্টা করছে সেটির ধারাবাহিকতা হচ্ছে এ গণভোট।
