১০ ডিসেম্বর মহাসমাবেশ করবে বিএনপি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৯ এএম

রাজধানী ঢাকাসহ সারা দেশে টানা এক মাস বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন শেষে এবার দুই মাসের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে ৯ সাংগঠনিক বিভাগে গণসমাবেশের পর ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশ করবে দলটি। গতকাল বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী ৮ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহ, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ হবে। এসব কর্মসূচি সফল করতে দায়িত্ব দেওয়া হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্যদের।’

তিনি বলেন, ‘বিভাগীয় সমাবেশের মধ্যে ভোলা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে নিহত বিএনপির নেতাকর্মীদের স্মরণে আগামী ৬ অক্টোবর সকল মহানগরে এবং ১০ অক্টোবর সকল জেলায় শোকর‌্যালি অনুষ্ঠিত হবে।’

গত ২৮ আগস্ট থেকে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কর্মসূচি পালন করে বিএনপি। এরপর ১০ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীতে ১৪টি সমাবেশ করে দলটি। আরও দুটি কর্মসূচি বাকি রয়েছে। একটি মিরপুরে সমাবেশ, যেটি অনুষ্ঠিত হবে ১ অক্টোবর।   

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘সভায় গণখাতে ক্রয় আইন লঙ্ঘন করে রাশিয়ার গম ক্রয় প্রক্রিয়ায় তৃতীয় পক্ষকে যুক্ত করে বাজারমূল্যের চেয়ে বেশি দামে আমদানির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই প্রক্রিয়ায় ৩ গুণ বাড়তি দামে রাশিয়ান কোম্পানি গাজপ্রমের সঙ্গে ভোলায় ৩টি গ্যাসকূপ খননের চুক্তির নিন্দা জানানো হয়।’

সভায় পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয় বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপি মহাসচিব।

আহত ছাত্রনেতাদের দেখতে হাসপাতালে মির্জা ফখরুল : সংবাদ সম্মেলনের পর রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতাদের দেখতে যান মির্জা ফখরুল। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। পরে ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে যান মুন্সীগঞ্জে সমাবেশে গুরুতর আহত জাহাঙ্গীর হোসেনকে দেখতে। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুণ আল রশীদ।

গত সোমবার হাজারীবাগে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে দলটির নেতাকর্মীদের হামলায় আহত দেশ টিভির ক্যামেরাপারসন দেলোয়ার হোসেনকে দেখতে তার বনশ্রীর বাসায় যান বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত