সভাপতি হতে সন্তানকে দুই প্রতিষ্ঠানে ভর্তি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০১:২৩ এএম

ফেনীর সোনাগাজীতে বিদ্যালয়ের কমিটিতে পদ পেতে মেয়েকে একই সঙ্গে মাদ্রাসায় ও বিদ্যালয়ে ভর্তি করেছেন এক বাবা। গত বুধবার এ ব্যাপারে বিদ্যালয়ের সহসভাপতি সালাহউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ করেন। গতকাল উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম অভিযোগের তদন্ত করে সত্যতা পান বলে জানান।

জানা যায়, সোনাগাজীর দক্ষিণ পূর্ব চর চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হাসান তার মেয়েকে একই বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ও আল-জামেয়াতুল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করেছেন। বিদ্যালয়ের হাজিরা খাতায় রোল নম্বর ২ এবং মাদ্রাসায় রোল নম্বর ১৫। সেপ্টেম্বর মাসে বিদ্যালয়ের হাজিরা খাতায় প্রতি সপ্তাহে ২ দিন উপস্থিতি দেখানো হয়েছে। আর মাদ্রাসায় নিয়মিত হাজিরা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক বলেন, ‘বিষয়টি তদন্তপূর্বক তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত