রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় ৬৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ফারুক (৩৬) নিহত হয়েছেন। তিনি পেশায় ইট-বালুর ব্যবসা করতেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী হাশেম রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
লক্ষ্মীপুর রামগতী উপজেলার পূর্ব চরসিদা গ্রামের মোহাম্মদ উল্লাহ মাস্টারের ছেলে ফারুক। দুই ছেলে ও স্ত্রী সাথী আক্তারকে নিয়ে রায়েরবাগ ইসলামনগর এলাকায় থাকতেন তিনি। মতিঝিলে ইট-বালুর ঠিকাদারি ব্যবসা রয়েছে তার।
নিহতের ভাতিজা মো. ইসমাইল জানান, দুপুরে বাসা থেকে বের হয়ে মতিঝিল যাচ্ছিলেন ফারুক। হাশেম রোডের মাথায় রাস্তা পার হওয়ার সময় আইল্যান্ডের ওপর দাঁড়ান। তখন দুটি বাস পাল্লাপাল্লি করে চালানোর সময় একটি বাস আইল্যান্ডের ওপর উঠিয়ে দেয়। ওই বাসের বাসের ধাক্কা লেগে তিনি বিপরীত লেনের রাস্তায় পড়ে যান। তখন অন্য একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।
যাত্রাবাড়ী থানার এসআই মো. আছাদুজ্জামান জানান, রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হন ফারুক। খবর পেয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। যে বাসটি তাকে চাপা দিয়েছে সেটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা, এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন প্রাণ হারিয়েছে। এর মধ্যে সাভারে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গোপালগঞ্জে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক মুক্তিযোদ্ধা। নীলফামারীর সৈয়দপুরে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয়ের (৪৫) এক পথচারী নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর :
বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত : সাভারে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। তার নাম তুহিন মাহমুদ জয় (১৬)। গত বুধবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই মোটরসাইকেলে থাকা রাসেল (২৮) নামে এক আরোহী আহত হয়েছেন। তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জয় সাভারের রেডিও কলোনি জালেশ্বর মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে। সে সাভার রেডিও কলোনি মডেল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলযোগে জয় ও রাসেল ঢাকামুখী লেন দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলচালক জয় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক আজিজুল হক বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। বাসটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা নিহত : গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তার নাম আবদুস সালাম মোল্লা (৭০)। তিনি কাজুলিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দত্তডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুস সালাম মোল্লা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নীলফামারীতে ট্রাকচাপায় পথচারী নিহত : নীলফামারীর সৈয়দপুরে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয়ের (৪৫) এক পথচারী নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের সৈয়দপুর কামারপুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ মো. মাহাবুব মোরশেদ।
