জাপানি নাগরিকদের সহায়তা করা এবং চিকিৎসাক্ষেত্রে জাপান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য জাপানের ‘দি অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেস’ সম্মাননায় ভূষিত হয়েছেন ডা. মো. এখলাসুর রহমান।
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বৃহস্পতিবার তার বাসভবনে আনুষ্ঠানিকভাবে দেশটির সরকারের তরফে এ সম্মাননা ডা. মো. এখলাসুর রহমানের হাতে তুলে দেন। গতকাল শনিবার ঢাকায় জাপান দূতাবস এ তথ্য জানিয়ে বলেছে, এখলাসুর রহমান ইয়ামাগাটা ঢাকা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের পরিচালক। তিনি ১৪তম বাংলাদেশি এবং প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে জাপান সরকারের কাছ থেকে সম্মাননা লাভ করেন। সম্মাননা অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশে জাপানি নাগরিকদের জাপানি মানসম্পন্ন চিকিৎসাসেবা প্রদান এবং চিকিৎসাক্ষেত্রে জাপান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে সক্রিয়ভাবে অবদান রাখার জন্য এখলাসুর রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
