পালিশের কারণে বছরে ২০ থেকে ২২ লাখ টন চাল নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, ‘চালের পুষ্টি পালিশ করে তুলে ফেলে নষ্ট করা হচ্ছে।’ গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক-ছাত্র মিলনায়তনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক পুষ্টি অলি¤িপয়াডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যেন আর পালিশ করা চাল না কিনি। প্রায় ৪ বার পালিশ করে চাল বাজারজাত করা হচ্ছে। এতে প্রতি ১০০ টনে ৫ টন চাল নষ্ট হচ্ছে। হিসেব মতে প্রতি বছর ২০-২২ লাখ টন চাউল নষ্ট হয়। মূলত এখান থেকে আমাদের পুষ্টি নষ্ট হয়ে যায়। এবং এই ক্ষতিটা কিন্তু ভোক্তাদের ওপরই বর্তায়। সরকারের পাশাপাশি আমাদেরও এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) উপাচার্য ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, উদরপূর্তি খাদ্যের লক্ষ্য নয়, প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ খাদ্যের প্রধান লক্ষ্য। আমরা এখনো ভাতের ওপর পুরোপুরি নির্ভরশীল। প্রচুর মাংস, মাছ বা দুধ খাইলেই পুষ্টি সরবরাহ হয় না। খাদ্যের বৈচিত্র্য আনলেই একমাত্র পুষ্টি সরবরাহ সম্ভব।
