২৩৪৪ মণ্ডপে দুর্গাপূজা

মন্ডপে মন্ডপে ঢাকে কাঠি উৎসবমুখর চট্টগ্রাম

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৪:২৫ এএম

হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে গতকাল শনিবার শুরু হয়েছে। আগামী বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এই উৎসব। দেশের হাজার হাজার পূজামন্ডপ এখন উৎসবে মাতোয়ারা। একই চিত্র চট্টগ্রাম নগরীতেও। ঢাকের বাজনা, আরতি আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠছে চট্টগ্রামের পূজামণ্ডপগুলো। মন্ডপে মন্ডপে ঢাকের বোলে ধ্বনিত হচ্ছে বাঙালি হিন্দুর হৃদয়তন্ত্রীতে বাঁধভাঙা আনন্দের জোয়ার।

গতকাল ষষ্ঠীর দুপুরে নগরীর পূজামন্ডপগুলো ঘুরে দেখা যায়, মণ্ডপগুলো উৎসবের রঙে রঙিন। মাইকে বাজানো পুরনো দিনের গান ভেসে আসছে। সন্ধ্যা নামতেই দেবী দর্শনের জন্য মন্ডপগুলোতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দেবী দুর্গা, আলোকসজ্জা ও থিম দেখার জন্য প্রতিটি মন্ডপেই ছিল উপচে পড়া ভিড়।

নানান ধারণানির্ভর সাজসজ্জা করা হয়েছে নালাপাড়া, গোসাইলডাঙ্গা, পাথরঘাটা, হাজারী গলি, টেরিবাজার বাই লেন ও সতীশ বাবু লেন ও পতেঙ্গার পূজামন্ডপে। প্রতিটি মন্ডপের আলাদা বিশেষত্ব রয়েছে। কেউ আলোকসজ্জায়, কোনো কমিটি তাদের প্যান্ডেলের মাধ্যমে, কেউবা তাদের আয়োজনে ফুটিয়ে তুলেছে প্রতিমার সৌন্দর্য। আর কোনো কমিটি সাত্ত্বিক পূজার আলোকে মনে করিয়ে দেয় পুরনো দিনের রাজবাড়ির পূজার আবহ। এ যেন উৎসবের রঙে রঙিন।

এদিকে দুর্গাপূজা ঘিরে নগরীর প্রায় সব মার্কেটে বেচাকেনা জমে উঠেছে। তবে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছের দাম আগের চেয়ে আরও বেড়ে গেছে। গতকাল নগরীর চকবাজার, বহদ্দারহাট ও কাজিরদেউরি বাজারে গিয়ে দেখা যায়, এক কেজির বেশি ওজনের ইলিশ গত সপ্তাহের চেয়ে কেজিতে ২০০ থেকে ২৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে দেড় হাজার টাকায়।

শারদীয় দুর্গোৎসব ঘিরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ প্রসঙ্গে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় দেশ রূপান্তরকে বলেন, ‘এ বছর নগরীর ২৮২টি পূজামণ্ডপে পূজা হচ্ছে। এসব মণ্ডপে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পোশাকি পুলিশের পাশাপাশি সাদাপোশাকের পুলিশি নজরদারি রয়েছে। পাশাপাশি মন্ডপে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছে সোয়াট টিমের সদস্যরা।’

চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত জানান, এবার চট্টগ্রামের ১৫ উপজেলায় ২ হাজার ৬২টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এর মধ্যে ১ হাজার ৫৮৭টি প্রতিমা পূজা মন্ডপ এবং ৪৭৫টিতে ঘটপূজা হচ্ছে।

শ্যামল পালিত দেশ রূপান্তরকে বলেন, ‘ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। গতবারের মতো যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেই উদ্বেগের বিষয়টি আমরা পুলিশ ও প্রশাসনকে অবহিত করেছি। প্রশাসনের পক্ষ থেকে গতবারের মতো কোনো অপ্রীতিকর ঘটনা হবে না বলে আমাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত