এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা ব্যাহত হলেও ফাঁস হয়নি বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, দিনাজপুরের একটি জায়গায় এসএসসি পরীক্ষার প্রশ্নের নিরাপত্তা ব্যাহত হয়েছে। প্রশ্ন ফাঁস হওয়া বলতে যা বোঝায়, তা কিন্তু হয়নি। সরকারের কার্যকর পদক্ষেপের কারণে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসরোধ করা সম্ভব হয়েছে।’
গতকাল শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ৪ বছর ধরে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। আমরা প্রশ্নপত্র ফাঁস বন্ধ করে দিয়েছি। এবার দিনাজপুরে যেটি হয়েছে, সেটি খুবই দুঃখজনক। তবে কোনো পরীক্ষার্থীর হাতে প্রশ্ন পৌঁছায়নি। একটি কেন্দ্রের সচিব, তিনি অনেকগুলো প্রশ্নের প্যাকেট নিয়ে চলে গেছেন। এটি কী করে হলো সেই বিষয়ে তদন্ত হচ্ছে, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সঠিক তদন্ত শেষে এ কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, দু’একটি জায়গায় যে ভুল প্রশ্ন দেওয়া হয়েছে। এটি বিজি প্রেসে প্রশ্ন প্যাকেট হওয়ার সময় কোথাও কোথাও ভুল হয়েছে। এই ভুল আগামীতে যেন না হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।
দীপু মনি বলেন, আমরা প্রশ্নপত্রের যে নিরাপত্তা দিই, দিনাজপুরে একটি জায়গায় হয়তো নিরাপত্তা ভেঙে গিয়েছিল। কিন্তু সেটিও আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছিলাম, প্রশ্নপত্র ফাঁস না হওয়া এবং প্রতিরোধ করার জন্য, সেই ব্যবস্থা থাকার কারণেই সেটি সঠিক সময়ে ধরাও পড়েছে এবং পুনরায় ভিন্ন নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কাজেই আমরা যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছিলাম, সেটি যে আসলেই কাজ করছে সেটারও একটি প্রমাণ।
মন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস না হওয়ার বিষয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। কখনো যাতে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘিœত না হয়, এ জন্য সবার একযোগে কাজ করতে হবে। এবার বিজি প্রেস থেকে যে সামান্য ভুলত্রুটি হয়েছে, কেন্দ্র সচিব যে কাজ করেছেন, আমরা সবকিছু খতিয়ে দেখছি। এসব ঘটনা যেন আর না হয়, সেসব বিষয়ে আমরা কঠোর ব্যবস্থা নেব।
অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী চাঁদপুর প্রেস ক্লাব এলাকায় পুঁথি সরণি অনুষ্ঠান, চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজে রোবটিক্সবিষয়ক সেমিনার ও বিকেলে চাঁদপুর সদর হাসপাতালে জেলা ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
