সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর গ্রামে মা ও ২ সন্তানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে তাদের মরদেহ নিজ বাড়ির তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা দুই থেকে তিন দিন আগে তাদের হত্যা করা হয়েছে।
নিহতরা হলো, সুলতান আলীর স্ত্রী রওশন আরা বেগম (৪০), ২ ছেলে জিহাদ (১০), মাহিম (৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রওশন আরার বোন লিলি খাতুন পাশ্ববর্তী বেলাল হোসেনের স্ত্রী শনিবার বিকেলে রওশন আরার বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। এ সময় ওই ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তালা ভেঙে তার বোন ও দুই ভাগনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
রওশন আরার স্বামী সুলতান হোসেন। তিনি কিছু দিন আগে জেল থেকে বের হয়েছেন। স্থানীয়রা ধারণা করছে পরিকল্পিতভাবে জেলখানা থেকে এসে সুলতান হোসেন লোকজন নিয়ে তাদের হত্যা করেছে। সুলতাল এখন পলাতক।
এ বিষয়ে বেলকুচি থানার ওসি তাজমিলুর রহমান জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার কারণ যানা যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
