অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং একটি ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা রয়েছে। চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে এমনই ধারণা দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী সপ্তাহে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। গতকাল রবিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও ঝড় সতর্কীকরণ কেন্দ্রের চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবহাওয়ার দীর্ঘমেয়াদি এই পূর্বাভাস ঘোষণা করা হয়।
চলতি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গত মাসে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও রংপুর বিভাগে কম এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশি বৃষ্টিপাত হয়েছে। অপরদিকে চলতি মাসে মৌসুমি বায়ু বিদায়ের সময়ে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া বছরের এই সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে। তাই চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এদের মধ্য থেকে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আবহাওয়াবিষয়ক বিশেষজ্ঞ কমিটি পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে মাঝারি ধরনের বজ্রপাত হতে পারে। এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
উল্লেখ্য, আবহাওয়ায় পরিবর্তনের প্রভাব দেখা যাচ্ছে। অক্টোবরে এসেও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রকৃতপক্ষে এই সময়ে শীতের প্রভাব দেখা যাওয়ার কথা।
