জি এম কাদের বললেন

দেশ চালনায় ও সুশাসনে ব্যর্থ এই সরকার

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০২:৫৫ এএম

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘সরকার দেশ পরিচালনা করতে ও সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন নিয়ে আমরা আপত্তি জানিয়েছিলাম। দেশের অর্থনৈতিক অবস্থা এখন আরও নাজুক। প্রবাস-আয় কমে যাচ্ছে। আমদানি ব্যয় বাড়ছে, রিজার্ভ কমে আসছে। বিভিন্ন মেগা প্রকল্পে ব্যয়জনিত ঋণের বোঝা দেশ কতটুকু বইতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছি।’

গতকাল সোমবার দুপুর ২টায় রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পাঁচ দিনের সফরে ঢাকা থেকে বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান জি এম কাদের। ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। সেখান থেকে সড়কপথে রংপুর আসার পথে বাজার এবং মোড়ে মোড়ে নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রংপুর সার্কিট হাউজে পৌঁছালে রংপুর মেট্রোপলিটন পুলিশ তাকে গার্ড অব অনার দেয়। 

জি এম কাদের আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, ‘মানুষ শান্তিতে থাকবে, দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে, দুর্নীতি দূর হবে, অন্যায়-অবিচার থাকবে না এমনটা ভেবেই আমরা সরকারকে সমর্থন দিয়েছিলাম। কিন্তু সরকার ক্ষমতায় বসে যা করছে তা বিএনপির চেয়ে এক ডিগ্রি বেশি। আমরা হতাশ, আমরা পরিবর্তন চাই।’

বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জাতীয় পার্টির কোনো গোপন আঁতাত বা কোনো গোপন বিষয় নেই। যা কিছু করা হচ্ছে তা স্বচ্ছভাবেই হচ্ছে এবং প্রকাশ্যে হচ্ছে। যখন কিছু হবে বা ঘটবে, তখন সবাই জানতে পারবেন।’

দলের একাধিক নেতাকে বহিষ্কার এবং রওশন এরশাদের সঙ্গে সম্পর্কের টানাপড়েনে জাতীয় পার্টি ভাঙনের ঝুঁকিতে রয়েছে কিনা জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো ভাঙন নেই। জাতীয় পার্টি দৃঢ় এবং ঐক্যবদ্ধ একটি দল। দেশে-বিদেশে বিষয়টি সবাই লক্ষ করছে। সব রাজনৈতিক দল এমনকি বিদেশি শক্তিও আমাদের দিকে খেয়াল রাখছে। আমরা যা করছি দেশ ও জনগণের স্বার্থে করছি।’  

জি এম কাদের রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থিতার বিষয়ে বলেন, ‘অনেকেই নির্বাচন করতে আগ্রহী। আমরা একজনকে বেছে নিয়েছি। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোস্তাফিজার রহমান মোস্তফাকে আগেই সমর্থন দেওয়া হয়েছে। তাকে মনোনয়নও দেওয়া হবে।’

জাতীয় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘আমাদের নির্বাচনে যাওয়া-না যাওয়া গুরুত্বপূর্ণ বিষয়। এখনো সিদ্ধান্ত হয়নি। এর ওপর আমাদের রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করছে। তৃণমূল থেকে দলের সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তার সঙ্গে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা ড. মেহে জেবুন্নেসা রহমান টুম্পা, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, কেন্দ্রীয় সদস্য সৈয়দ তানজিল আহমেদ, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, সদস্য সচিব হাজী আবদুর রাজ্জাক প্রমুখ।

পরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন তিনি। বিকেল সাড়ে ৫টায় রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে রংপুর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

জনপ্রত্যাশা পূরণে আ. লীগ-বিএনপি ব্যর্থ : জাপা

দেশের জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ ও বিএনপি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) নেতারা। তারা বলেছেন, একটি দল ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে ও আরেকটি দল ক্ষমতায় আসতে গোটা জাতিকে জিম্মি করে রেখেছে। এরা কেউ দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করে না।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর খিলগাঁও তালতলায় জাতীয় যুব মহিলা পার্টির এক কর্মিসভায় নেতারা এসব কথা বলেন।

কর্মিসভার প্রধান বক্তা জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও সংগঠনের আহ্বায়ক নাজনীন সুলতানা বলেন, ‘দেশে অর্থনৈতিক সংকটের পাশাপাশি গভীর রাজনৈতিক সংকট চলছে। এ থেকে মানুষ মুক্তি চায়। রাজনীতিতে ক্লিন ইমেজের অধিকারী জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সেই সংকট থেকে মুক্তি দিতে দেশ ও জনগণের স্বার্থে মাঠে নেমেছে। জনগণকে মুক্তি না দেওয়া পর্যন্ত রাজপথে থাকবে জাতীয় পার্টি। কিন্তু এ যাত্রা যাতে সফল না হয় সে জন্য দলের ভেতর ও বাইরে ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে সেটি মোকাবিলা করতে হবে।’

অনুষ্ঠানে জাপার প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, ‘দেশের জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ ও বিএনপি ব্যর্থ হয়েছে। তাই মানুষ ৯ বছর রাষ্ট্র পরিচালনায় সফল রাজনৈতিক দল জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।’

কর্মিসভায় আরও বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, উপদেষ্টা হারুন-অর রশিদ, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, যুব মহিলা পার্টির কেন্দ্রীয় নেত্রী মাহমুদা রহমান মুন্নি, তাসলিমা গিয়াস, শায়কা হক, ইলোরা ইয়াসমিন, আফসানা ইয়াসমিন শান্তনু, শম্পা ফেরদৌস প্রমুখ।

প্রয়াত মহাসচিবের স্মরণসভা ৯ অক্টোবর : জাপার প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা ৯ অক্টোবর রবিবার বেলা ৩টায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জাতীয় পার্টি, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে এক যৌথ সভা ৫ অক্টোবর বুধবার বাদ মাগরিব জাপার রাজধানীর কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে হবে। যৌথ সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু এমপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত