বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এছাড়া পরবর্তী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আজ সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আজ মঙ্গলবার (০৪ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে সবচেয়ে বেশি ১৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া খেপুপাড়ায় ১৩০, ভোলায় ১০৫, সাতক্ষীরায় ৮৭, পটুয়াখালী ৮৬, মোংলায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল কক্সবাজার ও তেঁতুলিয়ায় ২৪.০ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পূর্ব-উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মোসুমি বায়ু বাংলাদের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে প্রবল অবস্থায় রয়েছে।
