বিদ্যুৎ সরবরাহ ৯০ শতাংশ এলাকায় স্বাভাবিক: পিডিবি

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১০:৫০ পিএম

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, দেশের ৯০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। 

সংস্থাটির পরিচালক মো. শামীম হাসান মঙ্গলবার রাতে বলেন, ‘রাত ১১টার মধ্যেই বাকি ১০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে’।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা খান জানান, ঢাকায় গ্রিডের সবগুলো পয়েন্ট এনারজাইজড করা আছে, তবে লোড যাবে ধাপে ধাপে।
তিনি বলেন, ঢাকায় সবার ঘরে একসঙ্গে বাতি জ্বলবে না। ধাপে ধাপে জ্বলবে। গ্রিড এন্ডে সব রেডি আছে।

জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে আজ বেলা ২টা ৫ মিনিটে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সূত্র জানায়, নানা কারণে বিদ্যুতের গ্রিডে বিপর্যয় হতে পারে। এটি এক সেকেন্ডে হলেও তা পুনরায় চালু করার বিষয়টি জটিল ও দীর্ঘ প্রক্রিয়া। ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হচ্ছে।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, পিজিসিবির দক্ষ প্রকৌশলীরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ ফেরাতে নিবিড়ভাবে চেষ্টা করে যাচ্ছেন। দ্রুত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা যাবে বলে আশাবাদী তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত