কোথাও যে সুষ্ঠু ব্যবস্থাপনা নেই এর প্রতিফলন দেখলাম: খন্দকার মোশাররফ

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১১:২৮ পিএম

জাতীয় গ্রিডে বিপর্যয়ে দেশের বেশিরভাগ জেলা আট-নয় ঘণ্টা অন্ধকারে ছিল মঙ্গলবার। সরকারের ব্যর্থতার কারণেই এমন হয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

তিনি  মঙ্গলবার রাতে দেশ রূপান্তরকে বলেন, সরকারের তথাকথিত উন্নয়নের নমুনা আজকে দেশবাসী দেখেছে। কোথাও যে সুষ্ঠু ব্যবস্থাপনা নেই এর প্রতিফলন আমরা দেখলাম। এতদিন তারা বলেছে, লোডশেডিংকে তারা যাদুঘরে পাঠিয়েছে। আজ তারাই সারাদেশে আবার লোডশেডিং ফিরিয়ে এনেছে। সারাদেশের মানুষ ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে হাসপাতালে রোগীদের ভোগান্তি হয়েছে বলে জানতে পেরেছি। ঢাকা শহরের মানুষ ১০ টাকার মোমবাতি ৩০ টাকায়ও পাননি।

তিনি বলেন, সরকারের সময় শেষ হয়ে এসেছে। জনগণের কোটি কোটি টাকা খরচ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ঘুরে এসেছেন। অথচ এসব সফরের ফলাফল শূন্য। এর আগে ভারত থেকে খালি হাতে ফিরে এসেছেন। চারিদিকে শর্ষে ফুল দেখছে সরকার। আর দেশে ফিরে আসার পর দেশকে অন্ধকারে তলিয়ে দিয়েছে। এখন এমনই হবে।

দলের আরেক স্থায়ী কমিটির সদস্য  ইকবাল হাসান মাহমুদ টুকু দেশ রূপান্তরকে বলেন, সারাদেশে আজ অন্ধকারে নিমজ্জিত। হারিকেন কিনতে পাঠিয়েছি। সরকার জনগনকে হারিকেন আর মোমবাতি ধরিয়ে দিয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত