টিভি অনুষ্ঠান উপস্থাপনায় বাপ্পি-অপু

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১২:৪৬ এএম

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ দিয়ে বেশ ভালোই আলোচনায় ছিলেন নায়ক বাপ্পি চৌধুরী ও নায়িকা অপু বিশ্বাস। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটি মুক্তি পায় চলতি বছরেই। সেটি দর্শক খরার সময়েও একপশলা বৃষ্টি হয়ে এসেছিল ঢালিউডে। এই দুই তারকা আবারও জুটি হয়ে নতুন চমক নিয়ে আসছেন। তাদের দেখা যাবে এবার উপস্থাপনায়। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ টেলিভিশন আয়োজন করেছে দুর্গাপূজার বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘শারদ আনন্দ’। সেখানেই সঞ্চালকের দায়িত্ব পালন করবেন বাপ্পি-অপু। অনুষ্ঠানে থাকবে নাচ, গান, সেলিব্রিটি আড্ডা, ফ্যাশন শো ও তথ্যচিত্র। এমনটিই জানিয়েছেন অনুষ্ঠানটির প্রযোজক এল রুমা আকতার। জগদীশ এষের পরিকল্পনায় এটি গ্রন্থনা করেছেন সুমন সাহা। পূজা উপলক্ষে একটি নতুন গান তৈরি করা হয়েছে, গেয়েছেন সন্দীপন দাস, সুস্মিতা সাহা, সপ্নীল রাজীব ও অনন্যা আচার্য্য। এ ছাড়া দ্বৈত গান গাইবেন প্রিয়াংকা গোপ ও সমরজিৎ। আরতি নৃত্য পরিবেশন করবেন প্রান্তিক দেব ও তার দল। থাকছে বিশেষ আয়োজন ‘শিবের গাজন’। পরিবেশন করবেন প্রিয়াংকা সরকার ও তার দল। পূজার আরেকটি বিশেষ আয়োজন আবীর খেলা। অনুষ্ঠানে আবীর খেলা নিয়ে আসবেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা। দলীয় এ নৃত্যটির নৃত্য পরিচালনা করেছেন অনিক বোস। রয়েছে সেলিব্রিটি আড্ডাও। যেখানে অংশ নিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী, সাংবাদিক মুন্নী সাহা। সবশেষে থাকছে বাউলা ব্যান্ডের পরিবেশনায় একটি জীবনমুখী গান। ‘শারদ আনন্দ’ প্রচারিত হবে আগামীকাল বিজয়া দশমীতে রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত