এসএসসির প্রশ্ন ফাঁস

রিমান্ড শেষে দুই শিক্ষক কারাগারে

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৫:১২ এএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক আমিনুর রহমান রাসেল ও জোবায়ের হোসেনকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে দুই শিক্ষককে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভূরুঙ্গামারী আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন। গত রবিবার ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং ইসলাম শিক্ষা বিষয়ের খ-কালীন শিক্ষক জোবায়ের হোসেনের দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আদালতের আদেশের পর তাদের ভূরুঙ্গামারী থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। দুদিনের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

চলমান এসএসসি পরীক্ষায় গত ২০ সেপ্টেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার দিন ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। ওই কেন্দ্রের কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের কক্ষ থেকে ছয় বিষয়ের প্রশ্নপত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ পাঁচ শিক্ষক ও এক পিয়নকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত