দলগত পারফরম্যান্সে ভালো করার আশা সোহানের

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৫:২৪ পিএম

বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে জয় পেয়েছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানের নেতৃত্বে টাইগাররা প্রথম সিরিজ জয়ের স্বাদ পায়। এবার মিশন ত্রিদেশীয় সিরিজ। দলের সঙ্গে এখনও যোগ দেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। যে কারণে আজ ট্রফি নিয়ে অধিনায়কদের ফটোসেশনে ছিলেন সোহান। নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানের বিপক্ষে মিরাজদের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশে ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র গরমে অতিষ্ট সবাই। নিউজিল্যান্ডে গিয়ে এখন ৭-৮ ডিগ্রির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। তবে কঠিন কন্ডিশনকে বিশ্বকাপের আগে মানিয়ে নেওয়ার প্রস্তুতি বলেই মনে করছেন সহ-অধিনায়ক সোহান।

তার মতে, ‘এখানে আসার পর কন্ডিশনটা একটু ভিন্ন, ঠাণ্ডা বেশি। তবে আমরা দুইদিন অনুশীলন করার সুযোগ পেয়েছি। কাল আবার অনুশীলন করবো। সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার কাছে মনে হয় ম্যাচের আগে আমরা সবাই আত্মবিশ্বাসী এবং কন্ডিশন বড় কোনো কারণ হবে না।’

শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টাইগারদের কোনো ব্যাটারই ফিফটির দেখা পায়নি। সর্বোচ্চ রান ছিল ৩৯। তবুও স্কোরবোর্ডে বাংলাদেশের রান ছিল ১৮০ এর উপরে। ব্যাটারদের সবাই এদিন সামর্থ্যের পুরোটাই উজাড় করে দিয়েছিলেন। বোলাররাও সেটা শুরু থেকে রেখেছিলেন। কিন্তু শেষ বেলায় আর সেটা থাকেনি। তাতে ম্যাচ হেরে যেতে হয়।

ত্রিদেশীয় সিরিজেও এমন দলগত পারফরম্যান্সের আশা শোনা গেল সোহানের কণ্ঠে, ‘এখন বাংলাদেশ দলের জন্য ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ। তাই সবাই মিলে একটি প্রক্রিয়া অনুসরণ করছেন যেখানে নিজের কাজ করার পাশাপাশি একে অন্যকে সবসময় সাহায্য করে চলেছেন ক্রিকেটাররা।’

নিউজিল্যান্ডে যেখানে অনুশীলনে সুযোগ পেয়েছে বাংলাদেশ সেটি পুরোটা শেড দিয়ে ঢাকা। অর্থাৎ বৃষ্টি পড়লেও খেলা বা অনুশীলনে কোনো বাধা নেই। তাই গত দুইদিনে বৃষ্টি কিংবা বরফ পড়লেও থামেনি টাইগারদের অনুশীলন। এই সুবিধা পাওয়ায় খুশি টাইগারদের সহ-অধিনায়ক।

তিনি বলেছেন, ‘আমরা এখানে আসার পর বৃষ্টি ও বরফ পড়ার পরেও অনুশীলন ভালোভাবে করতে পেরেছি। এর আগে দুবাইয়েও দুইটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। আমার কাছে মনে হয় প্রস্তুতির দিক থেকে সবাই খুব ভালো করছে। এমন আবহাওয়া থাকার পরেও আমরা অনুশীলন করতে পারছি এটা খুব ভালো। ম্যাচের আগে আমরা প্রস্তুতির দিক থেকে শতভাগ ঠিক আছি।’

দলের সবাইকে ফলাফল নিয়ে চিন্তা না করে প্রক্রিয়ায় মনোযোগ দেওয়ার কথাই বলা হয়েছে, ‘আমাদের দলের পরিবেশ খুবই ভালো। আমার কাছে মনে হয় যে, সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের সবার কাছে একটা বার্তাই দেওয়া হচ্ছে যে, আমরা যেন ফলাফল নিয়ে চিন্তা না করি। আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি।’

সোহানের শেষ কথা, ‘অবশ্যই আশা করবো যাতে ভালো ফল হয়। আরেকটা জিনিস আমার মনে হয় যে একে অন্যকে সাহায্য করা। যেটা খুব ভালোমতো হচ্ছে। এটা দলের বন্ডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে থেকে এটা করার চেষ্টা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত