বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় আর বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ডে! কতটা কার্যকর হবে এই প্রস্তুতি এ নিয়ে অনেকের কাছে তা জিজ্ঞাসা। তবে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান ব্যাটিং কোচ জেমি সিডন্স বলছেন, তার কাছে ক্রাইস্টচার্চের এখনকার আবহাওয়া মনে হচ্ছে অস্ট্রেলিয়ার মতোই।
নিউজিল্যান্ডে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সেই চেনা লিঙ্কন গ্রিন মাঠেই শুরু হয়েছে অনুশীলন। যথারীতি অধিনায়ক সাকিব আল হাসান অনুপস্থিত, এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও। অতিমারীতে দীর্ঘ সময় পর্যটক প্রবেশ বন্ধ রেখেছিল নিউজিল্যান্ড, ছিল কঠিন সংগনিরোধ নিয়মও। সেই সব কড়াকড়ি উঠে যাওয়ার পর অনেক দেশ থেকেই পর্যটক আর শিক্ষার্থীরা ছুটছেন নিউজিল্যান্ডে। তাই টিকিট নিয়ে হাহাকার, ডোনাল্ডও পড়েছেন সেই জটিলতায়।
আরব আমিরাত থেকে বাংলাদেশ হয়ে নিউজিল্যান্ড ভ্যাপসা গরম থেকে ফুরফুরে আবহাওয়ায় পা রাখতে পেরেই খুশি সিডন্স। ‘আমরা তো ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে এলাম, একটু ঠা-া আবহাওয়ায় পা রাখতে পেরে ভালোই লাগছে। আমরা জনাদুয়েক অস্ট্রেলিয়ান আছি এই দলের সঙ্গে, আমাদের কাছে তো আবহাওয়া অস্ট্রেলিয়ার মতোই মনে হচ্ছে। হ্যাগলি ওভাল তো অনেকটা অস্ট্রেলিয়ার মতোই, ওখানে মৌসুমের শুরুতে আবহাওয়া এরকমই থাকে’ অনুশীলনের এক ফাঁকে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ।
২০১৫’র বিশ্বকাপে বাংলাদেশ দুটো ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ডে। এরপর থেকে প্রায় প্রতি বছরই কোনো না কোনো সংস্করণে খেলতে নিউজিল্যান্ডে এসেছে বাংলাদেশ দল। এই বছরে প্রথম দিনেই তো মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ, পেয়েছিল ঐতিহাসিক এক জয়। নিয়মিত মুখ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহদের না দেখতে পাওয়া কিছুটা হতাশ স্থানীয় সাংবাদিককে সিডন্স জানিয়েছেন, ‘আমরা একটা তরুণ দল নিয়ে এসেছি। বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় অবসর নিয়ে নিয়েছেন আর অনেকে এই সফরে নেই। অল্প কয়েকজন আছেন। তরুণ দলটা খুবই উদ্যমী আর উচ্ছ্বসিত। তাদের অনেক কিছুই শিখতে হবে, সেটাই দেখতে চাই এখানে।’
নতুনদের নিয়ে নতুন করেই সব শুরু করতে চান, সেজন্যই উদ্বোধনী জুটিতে ভিন্ন চিন্তা; জানিয়েছেন ব্যাটিং কোচ ‘দলে সাব্বির আর মিরাজ আছে, ওদের ব্যাটিংটা তামিম আর লিটনের থেকে একেবারে আলাদা। লিটন এখনো আছে দলের সঙ্গে, ওকে হয়তো আমরা তিনে বা চারে ব্যাট করতে পাঠাব। উইকেটও খুব ভালো মনে হচ্ছে। ছেলেরা বড় দুটো দলের সঙ্গে এখানে কেমন করে সেটাই দেখতে চাই।’
শুক্রবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। সিডন্স মনে করেন, দুই যুযুধানের সঙ্গে লড়ে প্রস্তুতি ভালোই হবে বাংলাদেশের ‘নিউজিল্যান্ড গত টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ। পাকিস্তান সব সময়ই টি-টোয়েন্টিতে খুব আকর্ষণীয় দল। এর চেয়ে বেশি আর কী চাইতে পারতাম! উইকেটও বেশ চ্যালেঞ্জিং মনে হচ্ছে, আমার মনে হয় এসব অভিজ্ঞতাই বিশ্বকাপে আমাদের অনেকদূর যেতে সহায়তা করবে।’
