যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর নিয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার তার প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হবে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর শেষে গত সোমবার রাত ১টার দিকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৫ সেপ্টেম্বর সরকারপ্রধান রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যের লন্ডনে যান। সেখানে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা তৃতীয় চার্লস আয়োজিত সংবর্ধনায়ও যোগ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন। ২৩ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এরপর শেখ হাসিনা ওয়াশিংটনের স্থানীয় সময় গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে ৪টা) দেশের উদ্দেশে যাত্রা করেন। ফেরার পথে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি লন্ডনের স্টানস্টেড বিমানবন্দরে পৌঁছায়। লন্ডনে দুই ঘণ্টার যাত্রাবিরতি দিয়ে সোমবার রাত ১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
