ইরানে এবার হিজাব খুলে স্কুলছাত্রীদের বিক্ষোভ

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০২:৫৫ এএম

ইরানে চলমান বিক্ষোভে এবার স্কুলছাত্রীরাও যোগ দিয়েছে। দেশটির ইতিহাসে এমন ঘটনা বিরল। স্কুলগামী মেয়েরা তাদের হিজাব খুলে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে।

স্কুলের ভেতরের মাঠে ও কয়েকটি শহরের রাস্তায় স্কুলছাত্রীদের এভাবে প্রতিবাদ জানানোর ভিডিও ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে বিবিসি।

ইরানের রাজধানী তেহরান থেকে পশ্চিমে কারাজ শহরে স্কুলের মেয়েরা এক শিক্ষা কর্মকর্তাকে বের করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গত সোমবার পোস্ট করা এক ভিডিও ফুটেজে স্কুলের মেয়েদের চিৎকার করে প্রতিবাদ জানাতে দেখা যায়।

ওই শিক্ষা কর্মকর্তার দিকে স্কুলের মেয়েদের পানির বোতল ছুড়ে মারতে দেখা যায়। এরপর ওই শিক্ষা কর্মকর্তা স্কুল থেকে বেরিয়ে যান।  

আরেকটি ভিডিওতে কারাজ শহরেরই শিক্ষার্থীদের চিৎকার করে বলতে শোনা যায় ‘আমরা যদি এক না হই, তারা আমাদেরও মেরে ফেলবে।’

ইরানের ফার্স প্রদেশের পঞ্চম জনবহুল শহর শিরাজের প্রধান সড়ক অবরোধ করে রেখেছে স্কুলছাত্রীরা। এ সময় তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে ‘একনায়কের মৃত্যু’ স্লোগান দেয়। 

প্রসঙ্গত, কঠোর পোশাকবিধি লঙ্ঘন করায় কুর্দি তরুণী মাশা আমিনিকে (২২) গ্রেপ্তার করে ইরানের ‘নৈতিকতা পুলিশ’। পুলিশি হেফাজতেই ১৬ সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়। মাশার মৃত্যুর পর থেকে দেশটির পোশাকবিধির বিরোধিতা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইরানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। সেই বিক্ষোভের তৃতীয় সপ্তাহ চলছে। এখন প্রায় প্রতিটি স্কুল ও বিশ্ববিদ্যালয় বিক্ষোভের কেন্দ্রে পরিণত হয়েছে। বিক্ষোভ দমনে কঠোর ইরান সরকার সম্প্রতি তেহরানের একটি বিশ্ববিদ্যালয়েও গুলি চালিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত