প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, নারী গ্রেপ্তার

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৩:১১ এএম

ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর বক্তব্য ও গুজব ছড়ানোর অভিযোগে রাজবাড়ীর সোনিয়া আক্তার স্মৃতি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রাজবাড়ী সদর থানা পুলিশ।

সোনিয়া আক্তার স্মৃতির বাড়ি রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকায়। তার স্বামীর নাম মো. খোকন। তার স্বামী প্রবাসী। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা। তবে জেলা বিএনপির নানা কর্মসূচিতে তাকে উপস্থিত থাকতে দেখা যায়। এ ছাড়া সরকারের বিভিন্ন কর্মকা-ের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখালেখি করেন।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. সামসুল আরেফিন চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় স্মৃতির বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানায় দ-বিধি ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা গ্রহণ করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোনিয়া আক্তার স্মৃতি গত ৩১ আগস্ট তার ফেইসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে  মিথ্যা, বানোয়াট ও মানহানিকার ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম/ডিজিটাল মাধ্যমে প্রচার করেন। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে তার ফেইসবুকে সরকারের নানা উন্নয়ন কর্মকা- নিয়ে ও প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে নানা প্রকার বক্তব্য পরিবেশন করেন। এতে সমাজে অনেক মানুষ ভুল তথ্য জানে। মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার এসআই আলেয়া আক্তার বলেন, মঙ্গলবার রাতে থানায় মামলা হয়। মামলা হওয়ার পর সোনিয়া আক্তার স্মৃতির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদৎ হোসেন বলেন, একটি মামলার প্রেক্ষিতে রাতে সোনিয়া আক্তার স্মৃতিকে  গ্রেপ্তার করা হয়।  বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। সোনিয়া আক্তার স্মৃতির ছোট ভাই আরিফুল ইসলাম বলেন, আদালতে আমরা আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেছিলাম। জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত