আওয়ামী লীগ কোনো মিলিটারি ডিকটেটরের পকেট থেকে বের হয়নি বা জরুরি অবস্থা জারি করে কারও ক্ষমতা দখল করে ক্ষমতায় আসেনি। দলটি ভোটের মাধ্যমেই বারবার ক্ষমতায় এসেছে, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, 'নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়া দলগুলোর নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। কে নির্বাচনে অংশগ্রহণ করবে কে করবে না সেখানে আমরা কিছু চাপিয়ে দিতে পারি না। রাজনীতি করতে হলে দলগুলো নিজে সিদ্ধান্ত নেবে। আমরা অবশ্যই চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক।'
গত জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপের অভিজ্ঞতার ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, 'গতবার সবার সঙ্গে বৈঠক করলাম, আলোচনা করলাম। তারা নির্বাচনে এসে দেখা গেল ৩০০ সিটে নমিনেশন দিয়ে যখন হেরে গেল তখন সব দোষ হলো আমাদের। জনগণের কাজ করে, জনগণের মন জয় করে, ভোট নিয়েই কিন্তু আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসেছে।
'এদেশে নির্বাচনে যতটুকু উন্নতি, যতটুকু সংস্কার সেটা আওয়ামী লীগ মহাজোট করে সবাইকে নিয়ে করেছি। এরপরে যদি কেউ না আসে সেখানে আমাদের কী করণীয়? হারার ভয়ে আসবে না বা লোকমা তুলে খাইয়ে দিতে হবে—সেটা তো হয় না। যাদের ওই অভ্যাস তারা জনগণের কাছে ভোট চাইতে যেতে ভয় পায়। অগ্নিসন্ত্রাস করে যারা মানুষ হত্যা করেছে তাদেরকে কি মানুষ ভোট দেবে? কখনো দিতে পারে না। সেই পোড়া ঘা তো এখনো সবার শুকায়নি। আমরা চাই সব দল আসুক, নির্বাচন করুক।'
