আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে শেয়ারের দাম বাড়বে না কমবে জানা যাবে বলে ইঙ্গিত দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, যারা শেয়ার মার্কেটে ব্যবসা করেন, তারা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার না করা হয় তাহলে ভবিষ্যতে ব্যবসার সবচেয়ে নিচের মানুষ আপনি থাকবেন। কারণ হচ্ছে, এটি ব্যবহার করে এখন ডেটা পাওয়া যাচ্ছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যানালাইসিস করে দেবে যে, ভবিষ্যতে কোনো শেয়ার বেড়ে যাবে এবং কোনো শেয়ার নেমে যেতে পারে।
গতকাল বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২২ উপলক্ষে অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস (এএএমসিএমএফ) আয়োজিত ‘রোল অফ টেকনোলজি অ্যান্ড ইএসজি অ্যানালাইটিকস ইন সাসটেইনেবল ফাইনান্সিং’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন এএএমসিএমএফ’র সভাপতি ড. হাসান ইমাম।
টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ভবিষ্যতে শুধুমাত্র ডেটার ওপর নির্ভর করবে শেয়ারবাজারের ইনভেস্ট কোথায় যাবে, কোথায় যাবে না। আপনারা যদি বড় সম্পদের না বলেন তাহলে সেই সম্পদের নাম হচ্ছে ডেটা। ডেটা যদি আপনার কাছে না থাকে তাহলে এখন দেখতে পাচ্ছেন। আগে তো এটাও ছিল না। এখন তো গ্রাফ ওঠা-নামা দেখে ইনভেস্টমেন্ট করেন। ভবিষ্যতে শুধু মাত্র ডেটার ওপর নির্ভর করবে আপনার ইনভেস্টমেন্ট কোথায় যাবে, কোথায় যাবে না।
তিনি আরও বলেন, এই যে অবস্থাটা সেই অবস্থার জন্য আপনি যদি নিজে প্রস্তুত না হন এবং আপনি যদি তাতে অংশগ্রহণ করতে না পারেন, আপনার নিজের যদি দক্ষতা না থাকে তাহলে আপনার জন্য সময়টা ডিফিকাল্ট হয়ে যাবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার (মিউচুয়াল ফান্ড অ্যান্ড এসপিভি) মিজানুর রহমান, এসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ এবং রুমানা ইসলাম, এএএমসিএমএফ এর সদস্যরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
