ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল টানা পৌনে এক ঘণ্টা। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ বিভ্রাটের কারণে ব্যাহত হয় জরুরি বিভাগের অস্ত্রোপচার কক্ষ, এক্স-রেসহ বেশ কিছু জরুরি সেবা। তবে হাসপাতাল কর্র্তৃপক্ষ বলছে, সাময়িক এ সমস্যায় পড়তে হয়নি বড় কোনো বিড়ম্বনায়।
হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন মো. রমজান আলী বলেন, ‘জরুরি বিভাগের ৭ নম্বর রুমে অবজারভেশনে রাখা হয়েছে আমার রোগীকে। তবে সেখানে ঘুটঘুটে অন্ধকার। ডাক্তাররা মোবাইলের লাইট জ¦ালিয়ে রোগী দেখছেন।’
হাসপাতালের ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি এক রোগী বলেন, ‘এমনিতেই এ ওয়ার্ডে সবসময় গরম আবহাওয়া থাকে। বিদ্যুৎ না থাকায় কী যে একটা অবস্থা এখানে! গরমে অতিষ্ঠ।’
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, বিদ্যুতের সাময়িক এ অসুবিধায় চিকিৎসার ক্ষেত্রে বড় কোনো বাধার সম্মুখীন হয়নি। সঙ্গে সঙ্গে লাইনটি সচল করে দেওয়া হয়েছে। এ ছাড়া পুরো হাসপাতালেই বিদ্যুৎ ছিল।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে একই এলাকায় আবার বিদ্যুৎবিহীন হয়ে পড়ে প্রায় ২০ মিনিট।
